অস্কারে গ্র্যাভিটির জয়জয়কার
অস্কারে এবার ইতিহাস গড়ল কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনের ইতিহাসনির্ভর ছবি টুয়েলভ ইয়ারস অ্যা স্লেভ। ৮৬তম অস্কারে সেরা ছবির পুরস্কার পেয়েছে স্টিভ ম্যাককুইনের ছবিটি। ৮৬ বছরে এই প্রথম কোনো কৃষ্ণাঙ্গ পরিচালকের ছবি সেরা ছবি হিসেবে পুরস্কার পেল।
তবে এবারের অস্কারে জয়জয়কার বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর চলচ্চিত্র গ্র্যাভিটির। সেরা পরিচালকসহ সাতটি বিভাগে পুরস্কার পেয়েছে মেক্সিকান আলফনসো কুয়ারনের ছবিটি। ইতিহাস গড়ে ল্যাটিন আমেরিকা অঞ্চল থেকে অস্কারজয়ী প্রথম পরিচালক হলেন তিনি।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে গতকাল রোববার বসেছিল ৮৬তম অস্কারের আসর। জমকালো এই অনুষ্ঠানের আয়োজন করে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। অস্কার পুরস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন অ্যালেন ডিজেনারেস, যিনি টক শোর সঞ্চালক হিসেবে বিখ্যাত।
এবার সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন যথাক্রমে ম্যাথিউ ম্যাককনেহে ও কেট ব্ল্যানচেট। ডালাস বায়ার্স ক্লাব ছবিতে এইডসে আক্রান্ত রন উডরুফের চরিত্রে অভিনয় করেন ম্যাককনেহে। আর ৪৪ বছর বয়সী ব্ল্যানচেট পুরস্কার জিতেছেন ব্লু জেসমিন ছবিতে অভিনয় করে। এটি তাঁর দ্বিতীয় অস্কার বিজয়।
এবার ১০টি বিভাগে মনোনয়ন নিয়ে এগিয়ে ছিল গ্র্যাভিটি ও আমেরিকান হাসল। গ্র্যাভিটি সাতটি বিভাগে পুরস্কার জিতলেও অপরটি একটিও পুরস্কার পায়নি।
মেক্সিকোর পরিচালক আলফনসো কুয়ারনের গ্র্যাভিটি সেরা পরিচালকসহ সিনেমাটোগ্রাফি, ফিল্ম এডিটিং, অরিজিনাল স্কোর, সাউন্ড এডিটিং, সাউন্ড মিক্সিং ও ভিজুয়াল ইফেক্টস বিভাগে সেরা হয়েছে। বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর থ্রিলারধর্মী ছবিটিতে জর্জ ক্লুনি ও স্যান্ড্রা বুলক অভিনয় করেছেন। ৯১ মিনিট দৈর্ঘ্যের এ ছবি ইন্টারনেট মুভি ডেটাবেইসে (আইএমডিবি) ১০-এর মধ্যে ৮ দশমিক ২ রেটিং পেয়েছে। একজন চিকিৎসক প্রকৌশলী ও একজন নভোচারী মহাকাশে নভোযান দুর্ঘটনার শিকার হওয়ার পর টিকে থাকার লড়াইয়ের কাহিনি নিয়েই তৈরি গ্র্যাভিটি। এ ছবির জন্য গোল্ডেন গ্লোব জিতেছিলেন পরিচালক আলফনসো কুয়ারন।
সেরা ছবির পুরস্কার বিজয়ী টুয়েলভ ইয়ারস অ্যা স্লেভ ছবিটি পরিচালনা করেছেন ব্রিটিশ পরিচালক স্টিভ ম্যাককুইন। ১৩৪ মিনিটের এ চলচ্চিত্র তৈরি করা হয়েছে সলোমন নর্থআপের জীবনী টুয়েলভ ইয়ারস আ স্লেভ অবলম্বনে। নর্থআপ ছিলেন একজন মুক্ত কৃতদাসের সন্তান। ১৮৮১ সালে এক দাস ব্যবসায়ী তাঁকে অপহরণ করে দাস হিসেবে বিক্রি করে দেয়। তাঁর দাসত্বের সেই জীবনের করুণ কাহিনি টুয়েলভ ইয়ারস অ্যা স্লেভ। ইতিহাসনির্ভর ছবিটি অস্কার জিতেছে সেরা চলচ্চিত্রসহ তিনটি বিভাগে। নবাগত সহ-অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন লুপিটা নিওঙ্গ। আর পেয়েছে সেরা অ্যাডেপটেড স্ক্রিন প্লের পুরস্কার। ব্র্যাড পিট এই চলচ্চিত্রের একজন প্রযোজক।
এবার সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছিলেন চুইটেল এজিওফোর (টুয়েলভ ইয়ারস অ্যা স্লেভ), ম্যাথিউ ম্যাককনেহে (ডালাস বায়ার্স ক্লাব), লিওনার্দো ডি ক্যাপ্রিও (দি উলফ অব ওয়াল স্ট্রিট), ব্রুস ডার্ন (নেব্রাস্কা) ও ক্রিশ্চিয়ান বেল (আমেরিকান হাসল)। অন্যদের হারিয়ে পুরস্কার হাতে তুলে নিয়েছেন ম্যাথিউ ম্যাককনেহে। ৪৪ বছর বয়সী এই অভিনেতা প্রথমবারের মতো এবার মনোনয়ন পেয়েছিলেন।
আর মনোনয়ন পেয়ে সেরা অভিনেত্রীর পুরস্কারের লড়াইয়ে ছিলেন কেট ব্ল্যানচেট (ব্লু জেসমিন), সান্ড্রা বুলক (গ্র্যাভিটি), জুডি ডেঞ্চ (ফিলোমেনা), মেরিল স্ট্রিপ (আগস্ট: ওসেজ কাউন্টি) ও এমি অ্যাডামস (আমেরিকান হাসল)। অন্যদের হটিয়ে দ্বিতীয়বারের মতো সেরা অভিনেত্রীর খেতাব পেলেন ৪৪ বছর বয়সী ব্ল্যানচেট। উডি অ্যালেনের ব্লু জেসমিন ছবিতে ব্ল্যানচেট অভিনয় করেছেন নিউইয়র্কের কেতাদুরস্ত এক নারীর চরিত্রে। এর আগে কেট দ্য এভিয়েটর থেকে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার পেয়েছিলেন।
অস্কারের আরেকটি আকর্ষণ হচ্ছে বিদেশি ভাষার সেরা চলচ্চিত্র। আর পুরস্কারটি জিতে নেয় ইতালির ছবি দ্য গ্রেট বিউটি। শেষ ইতালির চলচ্চিত্র সেরা বিদেশি ছবির অস্কার জিতেছিল ১৯৯৮ সালে, লাইফ ইজ বিউটিফুল। এবার সেরা অ্যানিমেশনের পুরস্কার পেয়েছে ফ্রোজেন। বিবিসি, এএফপি।