অস্কারে নিল প্যাট্রিক হ্যারিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিল প্যাট্রিক হ্যারিস
নিল প্যাট্রিক হ্যারিস

কম খাব, বেশি বেশি ব্যায়াম করব। নতুন বছরে এই তো প্রতিজ্ঞা আপনার! নিল প্যাট্রিক হ্যারিস বলছেন এর সঙ্গে আরও একটি যোগ করে নিতে। তা হলো, এবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড মানে অস্কার অনুষ্ঠানে তাঁকে দেখা। হ্যারিস আবার বলেই দিয়েছেন, পূরণ হবে শুধু শেষেরটাই। অন্তত প্রথমটি পালন করার কোনো সম্ভাবনাই নেই।
২২ ফেব্রুয়ারি হলিউডের ডলবি থিয়েটারে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের উপস্থাপনা করতে দেখা যাবে তাঁকেই। ৮৭তম আসরে প্রথমবারের মতো উপস্থাপনা করবেন তিনি। তবে অস্কারের মঞ্চে ওঠা নতুন নয় তাঁর কাছে। ২০১০ সালে এই অনুষ্ঠানের শুরুটাই হয়েছিল তাঁকে দিয়ে। সেবার উপস্থাপক ছিলেন অ্যালেক বল্ডউইন আর স্টিভ মার্টিন। তবে জ্বলে উঠলেন যেন হ্যারিসই। চকচকে জ্যাকেট পরে ব্রডওয়ে ঢঙে নেচে ‘নো ওয়ান ওয়ান্টস টু ডু ইট অ্যালোন’ গেয়ে শুরুতেই আসর মাত করে দিলেন। সেই থেকেই প্রশ্নটা ঘুরছিল ভক্তদের মাথায়। জিজ্ঞেসও করা হয়েছিল হ্যারিসকে, অস্কার উপস্থাপনা কবে করছেন তিনি। ই-অনলাইনকে বিনয়ী হ্যারিস জবাব দিয়েছিলেন, ‘যখন তাঁরা আমাকে ডাকবেন। যদি বলি উপস্থাপনা করতে চাই না, তাহলে সবাই আমাকে বেয়াদব ভাববেন। আবার যদি বলি উপস্থাপনা করার জন্য একদম মরেই যাচ্ছি, তাহলেও তাই ভাববেন। মাঝামাঝি কোনো একটা উত্তর দেওয়াই ভালো।’
হ্যারিসের এত কথার মধ্যে থেকে আসল কথাটা ঠিকই বুঝে নেওয়া গিয়েছিল। হ্যারিস আসলে বলতে চেয়েছেন, ‘যখন আমার সুপারহিট টিভি সিরিজ হাউ আই মেট ইয়োর মাদার থেকে ফুরসত মিলবে।’

নিল প্যাট্রিক হ্যারিস
নিল প্যাট্রিক হ্যারিস

সেটা পাওয়া গেছে এ বছর। ২০১৪ সালে শেষ হয়ে গেছে সিরিজটি। বার্নি স্টিনসনের সেই কিংবদন্তির সংলাপ ‘লেজেন্ডারি’ শোনা যাবে না আর।
ঠিক পরের আসরেই উপস্থাপনার দায়িত্বটা পড়ল তাঁর কাঁধে। তবে মঞ্চটা নতুন হলেও কাজটায় পাকা তিনি। চারবার টনি অ্যাওয়ার্ড আর দুবার অ্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। এবার অস্কারও হয়ে যাবে। বাকি তবে থাকবে শুধু গোল্ডেন গ্লোবটাই। সেটা হয়ে গেলে বিনোদন জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবগুলো অনুষ্ঠান উপস্থাপনার অভিজ্ঞতাই হয়ে যাবে নিলের।
জীবনে কী কী করতে চান, তার একটা তালিকাও আছে তাঁর। প্লেন থেকে লাফ দেওয়া, মাপেটদের সঙ্গে পারফর্ম করা, টনি অ্যাওয়ার্ড জেতা, বানজি জাম্প, বিয়ে করা, বই লেখা এসবই ছিল তাতে। তালিকার শেষে ছিল অস্কার অনুষ্ঠান উপস্থাপনা করা। এক ভিডিও বার্তায় সেটাতে টিক দিয়ে নিজেই জানিয়েছিলন অস্কার উপস্থাপনার দায়িত্ব পাওয়ার খবর।
সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে দর্শকেরা জানিয়েছেন উচ্ছ্বাস। কেউ কেউ বলেছেন, অনেক বছর পর আবার এ অনুষ্ঠান দেখবেন তাঁরা। তবে অবাক করা খবর হলো, এলেন ডিজেনারেস আবার উপস্থাপনা করতে রাজি না হওয়াতেই আসলে কাজটা পেলেন নিল। তাও আবার এ জন্য প্রথম পছন্দও তিনি ছিলেন না। কৌতুক অভিনেতা ক্রিস রককেই আগে বলা হয়েছিল। তিনিও নাকি এ প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। শেষমেশ নির্বাচিত হন নিল। এলেনকে ছাড়িয়ে যেতে পারেন কি না, সেটাই দেখা যাবে এবার। তবে এলেনের সেই অস্কার সেলফি, পিৎজা খাওয়া এ রকম কিছু আশা করা হচ্ছে না তাঁর কাছে। এসব চমক আনতে গিয়ে অস্কারের মূল ভাবনা অর্থাৎ সিনেমা থেকেই মনোযোগ সরিয়ে নিয়েছিলেন এলেন, এ রকম অভিযোগও করা হয়েছিল। বাড়তি বিনোদন জোগাতে গিয়ে সিনেমার মাহাত্ম্যকে ভুলে যাবেন না নিল—এটাই ভক্তদের চাওয়া। আর সেই প্রত্যাশা আরও উসকে দিয়েছেন তিনি নিজেই অস্কারের প্রচারণামূলক ভিডিওতে। অস্কার পুরস্কারটি ঘষামাজা করছেন তিনি, এ রকমই দেখা যায় তাতে। একটু পরই দৃষ্টিবিভ্রমের মাধ্যমে জানিয়ে দেন, ‘যেকোনো কিছুই ঘটতে পারে।’
সিএনএন ও ইউটিউব অবলম্বনে