অস্কারে পাঠানো হচ্ছে ‘ঘেটুপুত্র কমলা’
৮৫তম একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) প্রতিযোগিতার জন্য বাংলাদেশ থেকে পাঠানো হচ্ছে হুমায়ূন আহমেদের ছবি ঘেটুপুত্র কমলা। প্রতিযোগিতায় ‘বিদেশি ভাষার ছবি’ বিভাগের জন্য ছবিটিকে মনোনীত করেছে ৮৫তম অস্কার বাংলাদেশ কমিটি। গণমাধ্যমের কাছে ছবিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার জন্য রাজধানীর এক রেস্তোরাঁয় গতকাল মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ।এখানে উপস্থিত ছিলেন ৮৫তম অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান হাবিবুর রহমান খান এবং কমিটির সদস্য মহম্মদ হান্নান, আবদুল লতিফ, আবু মুসা, আবদুস সেলিম ও রোকেয়া প্রাচী। আরও উপস্থিত ছিলেন ঘেটুপুত্র কমলার প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। আবদুস সেলিম বলেন, ‘আমরা এবার একটি মাত্র ছবি দেখেছি। এ কথা সত্যি, অস্কার-উপযুক্ত ছবি আমরা বানাতে পারিনি। কারণ, অস্কারে পাঠানোর জন্য অনেকগুলো শর্ত পূরণ করতে হয়। ঘেটুপুত্র কমলাকে মনোনয়নের মধ্য দিয়ে আমরা অস্কারে পাঠানোর ধারাবাহিকতা রক্ষা করছি মাত্র। তবে আমরা বিশ্বাস করি, এর মধ্য দিয়ে আমাদের নির্মাতারা ভালো ছবি নির্মাণের ব্যাপারে উৎসাহী হবেন।’