স্বামী-স্ত্রীর যুদ্ধ। ঢাকাই ছবির নাম হিসেবে বেশ জুতসই হতে পারে। কিন্তু অস্কার আসরেও যে এমন কাণ্ড ঘটে যাবে, কে জানত! ঠিক সে রকমই অভূতপূর্ব নাটকের সাক্ষী হয়ে থাকল এবারের অস্কার আসর। স্বামী-স্ত্রীর অভূতপূর্ব এই লড়াইয়ের আলামত অবশ্য পাওয়া যাচ্ছিল শুরু থেকেই। মোটামুটি সমান সম্ভাবনা নিয়ে তাঁদের ৮২তম অস্কার অভিযাত্রা শুরু করেছিলেন সাবেক স্বামী-স্ত্রী জেমস ক্যামেরন ও ক্যাথরিন বিগালো। স্বামী ক্যামেরনের অ্যাভাটার মনোনয়ন পেয়েছিল নয়টি বিভাগে। স্ত্রী বিগালোর দ্য হার্ট লকার ছবির বেলায়ও ঠিক তা-ই। শেষতক বাংলাদেশ সময় গতকাল সোমবার ভোরে হলিউডের কোডাক থিয়েটারে ৮২তম একাডেমি অ্যাওয়ার্ডসের চূড়ান্ত ঘোষণায় বিজয় এসে ধরা দিয়েছে বিগালোর হাতেই। অস্কারের ইতিহাসের পাতায় রীতিমতো সুনামি তুলে দিয়ে প্রথম নারী পরিচালক হিসেবে ক্যাথরিন বিগালো ছিনিয়ে নিয়ে গেছেন সেরা পরিচালকের অস্কার। সঙ্গে সেরা ছবি, সেরা সম্পাদনা আর সেরা চিত্রনাট্য মিলিয়ে মোট ছয়টি পুরস্কার গেছে ক্যাথরিন ও তাঁর ছবির দখলে। আন্তর্জাতিক নারী দিবসের জন্য এর চেয়ে ভালো উপহার আর কিইবা হতে পারে? বক্স অফিসে মহা হুলস্থুল ফেলে দেওয়া ক্যামেরনের অ্যাভাটার ছবির ঝুলিতে জমা বলতে তিনটি অস্কার (সেরা শিল্প নির্দেশনা, সেরা সিনেমাটোগ্রাফি ও ভিজ্যুয়াল ইফেক্টস)। ক্যাথরিন বিগালোর পর এই দফায় ইতিহাস রচনাকারী দ্বিতীয় নারীটির নাম স্যান্ড্রা বুলক (দ্য ব্লাইন্ড সাইড)। আগের দিনে অভাবনীয়ভাবে বাজে অভিনয়ের জন্য রেজি পুরস্কার জেতার পর কাঙ্ক্ষিত অস্কারটাও উঠেছে তাঁর হাতে। হলিউডের ইতিহাসে নজিরবিহীন ঘটনা! কোনো সন্দেহ নেই। জর্জ ক্লুনি, কলিন ফার্থ, মরগ্যান ফ্রিম্যান আর জেরেমি রেনারকে টপকে সেরা অভিনেতা হয়েছেন জেফ ব্রিজেস। গোল্ডেন গ্লোব পুরস্কারের পর ক্রেজি হার্ট ছবিতে অভিনয়ের গুণে এবার অস্কারও গেল তাঁর ঘরে। গেল বছরের মে মাসে কান উত্সবে উদ্বোধনী প্রদর্শনী হয়েছিল কুয়েনটিন ট্যারেন্টিনোর ইনগ্লোরিয়াস বাস্টার্ডস ছবির। এর পর থেকে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জেতাটাকে মোটামুটি অভ্যাসে পরিণত করে ফেলেছেন অস্ট্রিয়ান অভিনেতা ক্রিস্টফ ওয়ালটজ। অস্কারেও ব্যতিক্রম কিছু ঘটতে দেননি তিনি। প্রেশাস ছবির আলোচিত সেই মায়ের চরিত্র সেরা পার্শ্ব অভিনেত্রীর সম্মান এনে দিয়েছে মো নিকিকে। জার্মানি, ফ্রান্স, পেরু আর ইসরায়েলকে হারিয়ে সেরা ভিনদেশি ভাষার ছবির বিভাগে ‘ট্রফি’ বিজয়ী দেশ আর্জেন্টিনা। আর্জেন্টিনার দ্য সিক্রেট অব দেয়ার আইজ ছবির এই বিজয়কে এককথায় অঘটন বলা যেতেই পারে! জার্মানির মাইকেল হানিকির দ্য হোয়াইট রিবন আর ফ্রান্সের এ প্রফেট-এর মতো প্রশংসিত ছবি ডিঙিয়ে অস্কার ঘরে আনা তো আর চাট্টিখানি কথা নয়! অস্কার আসরের মনোনয়নপ্রাপ্তরা এবার পেয়েছেন দারুণ এক উপহার। এ উপহারের ঝুড়ির দাম ৬১ হাজার পাউন্ড। অস্কারের ইতিহাসে এটিই নাকি এ ধরনের সবচেয়ে দামি উপহার দেওয়ার রেকর্ড। এই ঝুড়িতে আছে আফ্রিকায় বেড়ানোর বিমান টিকিটসহ আরও অনেক কিছু।মানুষের আগ্রহের দিক দিয়ে পেছনে থাকতে পারে, কিন্তু তার পরও সেরা তো সেরাই। সে রকম কয়েকটি বিভাগের খবর—সেরা অ্যানিমেশন ছবি আপ, সেরা তথ্যচিত্র (ফিচার) দ্য কোভ এবং সেরা তথ্যচিত্র (লাইভ অ্যাকশন) দ্য নিউ টেনেন্টস। ওয়েবসাইট।