অস্কারে মনোনীত তিন প্রামাণ্যচিত্র

এ বছর অস্কারে জমা পড়ে ১৫৯টি প্রামাণ্যচিত্র। সেখান থেকে অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয় ৫টি প্রামাণ্যচিত্র। মনোনীত এই চলচ্চিত্রগুলো থেকে বিচারকদের ভোটে ২০২০ সালে অস্কারসেরা প্রামাণ্যচিত্রের মর্যাদা পায় আমেরিকান ফ্যাক্টরি। প্রামাণ্য চলচ্চিত্রটি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা দম্পতির প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত।
একটি মোটর কারখানার আমেরিকান ও চায়নিজ শ্রমিকদের নিয়ে শুরু হয় এর গল্প। দেখানো হয় আমেরিকার শিল্পায়নে প্রযুক্তিবিপ্লবের ফলে একদিকে যেমন শ্রমিকদের বেকারত্ব বাড়ছে, অন্যদিকে খোঁজা হচ্ছে স্বল্প টাকায় শ্রমিক। যে কারণে দিন দিন বেড়ে যাচ্ছে স্বয়ংক্রিয় রোবটিক প্রযুক্তি। পূর্ণদৈর্ঘ্য এই তথ্যচিত্র মনে করিয়ে দেয় ভবিষ্যৎ আমেরিকার শ্রমিকদের বেঁচে থাকার জন্য কতটা সংগ্রাম করতে হবে, সে বিষয়টি।
কারণ, আমেরিকার অর্থনৈতিক বিপর্যয়ের আভাস মেলে এই চলচ্চিত্রে। অস্কার জয়ের পর বারাক ওবামা তাঁর টুইট বার্তায় লেখেন, 'আমেরিকার জন্য যে কঠিন সময় অপেক্ষা করছে, সেটা তুলে ধরার জন্য পরিচালক স্টিভেন বোর্গনার ও জুলিয়া রিচার্টকে অভিনন্দন।'
অস্কারে মনোনয়ন জুটে যাওয়ার পর থেকে ধারণা করা হয়েছিল, হ্যানিল্যান্ড প্রামাণ্যচিত্রটি হবে সেরা। শেষ পর্যন্ত বিচারকদের রায়ে সেরা না হলেও সমালোচক ও দর্শকদের অভিভূত করেছে ছবিটি। নিউইয়র্ক টাইমস–এর সমালোচক স্কট প্রামাণ্য চলচ্চিত্রটি নিয়ে বলেছিলেন, 'ফিকশন কিংবা তথ্যচিত্র—যেটাই হোক, এটা তাঁর দেখা বছরের সেরা ছবি।'
তামারা কোতেভ্স্কা ও লিউবোমিয়া স্তেফানোভ পরিচালিত ছবিটির গল্পে উঠে আসে মেসিডোনিয়ার রাজধানী থেকে ৫৫ কিলোমিটার দূরে প্রত্যন্ত এক পাহাড়ি গ্রামের একাকী নারীর বেঁচে থাকার সংগ্রামের কথা। পাহাড়ের পাদদেশে বৃদ্ধ মাকে নিয়ে থাকে এই হাদিজে মুরাটোভা। সে এই গ্রামের শেষ মধু সংগ্রহকারী। পৈতৃক পেশার জন্য এখনো রয়ে গেছে এই গ্রামে। আশপাশ জনমানবশূন্য। কথা বলার জন্য তার বৃদ্ধ মা ছাড়া অন্য কেউ নেই। একসময় তার মা মারা গেলে প্রামাণ্যচিত্রটি মানবিক প্রশ্ন জাগিয়ে তোলে দর্শকমনকে। প্রায় তিন বছর ধরে শুটিং করা হয়েছে এটির। ১ ঘণ্টা ২৯ মিনিটের এই সিনেমার পরতে পরতে পাহাড়ঘেরা গ্রামটির অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য চোখকে আরাম দেবে।
সিরিয়ার গৃহযুদ্ধের মধ্যেই শুটিং করা প্রামাণ্যচিত্র ফর সামা। পাঁচ বছর ধরে নির্মাতা যুদ্ধের মধ্যে বেঁচে থাকার সংগ্রামকে ক্যামেরায় ধারণ করেন। প্রামাণ্যচিত্রটিতে এমন দৃশ্যেরও দেখা মিলবে, দৃশ্য ধারণ করতে করতেই ক্যামেরার সামনে অতর্কিত বোমা এসে পড়ছে, ঘর থেকেই ভিডিও ধারণ চলছে সরাসরি যুদ্ধের। ক্যামেরার সামনেই মারা যাচ্ছে শিশু, বৃদ্ধরা।
নির্মাতারা এই ভিডিও ফুটেজ ক্ষুদ্র আকারে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। মুহূর্তেই ছড়িয়ে যায় ভিডিওগুলো। বিশ্ববাসী দেখতে থাকে যুদ্ধের ভয়াবহতা। নির্মাতারা প্রথম দিকে ভিডিওগুলো দিয়ে প্রামাণ্যচিত্র বানানোর পরিকল্পনা করেননি। ২০১৭ সালে নির্মাতা ওয়াদ আল কাতিব এবং এডওয়ার্ড ওয়াটস পরিকল্পনা করেন প্রামাণ্যচিত্রটি বানানোর। প্রায় ৫০০ ঘণ্টার ফুটেজ সম্পাদনা করে দাঁড় করান ফর সামা প্রামাণ্যচিত্রটি। এটি কান চলচ্চিত্র উৎসবে জিতে নেয় গোল্ডেন আই পুরস্কার। সরাসরি যুদ্ধের ভয়াবহতা নিয়ে নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী নামীদামি সব চলচ্চিত্র উৎসবে প্রশংসা পায়। এবং সবশেষ অস্কারে মনোনীত হয়ে আরও আগ্রহী করে তুলেছিল সিনেমাপ্রেমীদের।