অস্কারে যাচ্ছে 'টেলিভিশন'

অস্কারের ৮৬তম আসরে বিদেশি ভাষা প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশি ছবি হিসেবে পাঠানো হচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত টেলিভিশন চলচ্চিত্রটি। অস্কার বর্তমান বাংলাদেশ কমিটির একটি সূত্র ‘টেলিভিশন’ ছবিটির বিদেশি ভাষা বিভাগে মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ ছবিটির অস্কারে বিদেশি ভাষার ছবি বিভাগে মনোনয়নের বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আজ দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ কমিটি।
মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ ছবিটি এছাড়া চারটি আন্তর্জাতিক উৎসবেও অংশ নিচ্ছে। উৎসবগুলো হলো অস্ট্রেলিয়ার ‘এশিয়া-প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস’, সিঙ্গাপুরের ‘পার্সপেক্টিভস ফিল্ম ফেস্টিভ্যাল’, ইতালির ‘এশিয়াটিকা ফিল্ম মেডিয়াল’ ও ভারতের ‘কলকাতা উৎসব’।
এদিকে, ডিসেম্বরে অনুষ্ঠিতব্য ‘এশিয়া-প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস’ প্রতিযোগিতার আসরে ফারুকীর ‘টেলিভিশন’ ছবিটিকে সরাসরি আমন্ত্রণ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে ফারুকী জানিয়েছেন, অস্কারের আদলেই এই প্রতিযোগিতায় অংশ নিতে হয়। কিন্তু ‘টেলিভিশন’ ছবিটিকে সরাসরি আমন্ত্রণ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। ‘পার্সপেক্টিভস ফিল্ম ফেস্টিভ্যাল’ শুরু হচ্ছে ৩ অক্টোবর। আয়োজন করছে সিঙ্গাপুরের নানইয়াং ইউনিভার্সিটি। এই উৎসবে উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হবে ‘টেলিভিশন’। ১২ থেকে ২১ অক্টোবর রোমে অনুষ্ঠিত হবে ‘এশিয়াটিকা ফিল্ম মেডিয়াল’। উৎসবের প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে ‘টেলিভিশন’। আর কলকাতা উৎসব হবে নভেম্বরে।