অস্কারে যাচ্ছে ‘বারফি!’
৮৫তম অস্কারে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতার জন্য ভারত থেকে পাঠানো হচ্ছে সদ্য মুক্তি পাওয়া বলিউডি ছবি ‘বারফি!’। সম্প্রতি ২০টি চলচ্চিত্র থেকে বাছাই করে মনোনীত করা হয়েছে অনুরাগ বসু পরিচালিত ‘বারফি!’ ছবিটি।ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল সুপ্রাণ সেনের উদ্ধৃতি দিয়ে পিটিআই জানিয়েছে, আগামী অস্কারে ভারতের প্রতিনিধিত্ব করবে ‘বারফি!’ এরই মধ্যে অস্কারে পাঠানোর জন্য ছবিটির মনোনয়ন-প্রক্রিয়া শেষ হয়েছে।ছবিটির নামভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। তিনি বলেন, ‘দারুণ লাগছে। তবে এখনো পথের অনেক বাকি। বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে পুরস্কারের জন্য পাঁচটি ছবির তালিকা তৈরি করবে অস্কার কমিটি। আমাদের প্রত্যাশা, সেই তালিকায় ঠাঁই পাব আমরা।’ রোমান্টিক কমেডিধর্মী ‘বারফি!’ ছবির কাহিনি আবর্তিত হয়েছে দার্জিলিংয়ের একজন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ছেলে বারফিকে ঘিরে। ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন প্রিয়াংকা চোপড়া, ইলিয়ানা ডি’ক্রুজ, রূপা গাঙ্গুলী প্রমুখ। ১৪ সেপ্টেম্বর ভারতের প্রায় সাত শ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘বারফি!’ মুক্তির প্রথম সপ্তাহে বক্স অফিসে বেশ ভালো অবস্থানে আছে ছবিটি। এরই মধ্যে এটি আয় করেছে সাড়ে আটান্ন কোটি রুপি।