অস্কারে সেরা ছবি আরগো, অভিনয়ে সেরা ড্যানিয়েল, জেনিফার
৮৫তম অস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কারটি নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল। শেষ পর্যন্ত রোববার সন্ধ্যায় মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা সেরা চলচ্চিত্র হিসেবে ‘আরগো’র নাম ঘোষণা করলেন। সেরা অভিনেতা হিসেবে ড্যানিয়েল ডে লুইস আর সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জেনিফার লরেন্স।বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ আসরের সেরা ছবি ‘আরগো’ হলেও, সেরা পরিচালকের পুরস্কার ঝুলিতে ভরেছেন অ্যাং লি। ‘লাইফ অব পাই’ চলচ্চিত্রের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। ২০১২ সালের আলোচিত ছবি ‘লাইফ অফ পাই’ বেস্ট সিনেমাটোগ্রাফি, ভিজ্যুয়াল ইফেক্টস এবং অরিজিনাল স্কোর বিভাগেও অস্কার জিতে নিয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনকে নিয়ে স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘লিংকন’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ড্যানিয়েল ডে লুইস। ‘সিলভার লাইনিংস প্লেবুক’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জেনিফার লরেন্স। জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।সেরা পার্শ্ব অভিনেতা ও অভিনেত্রী নির্বাচিত হয়েছেন যথাক্রমে ক্রিস্টফ ওয়ালটজ (জ্যাংগো আনচেইনড) এবং অ্যানি হ্যাথঅ্যাওয়ে (লা মিজারেবলস)। সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে পুরস্কার পেয়েছে ‘আমর’। ‘জ্যাংগো আনচেইনড’ ছবির জন্য সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে পুরস্কার পেয়েছেন কুয়েন্টিন টারান্টিনো।