অস্কারে স্পেনের প্রতিনিধিত্ব করবে নির্বাক ‘স্নো হোয়াইট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মান রূপকথার গল্প ‘স্নো হোয়াইট’ নিয়ে নির্মিত হয়েছে একাধিক চলচ্চিত্র। এবার এ গল্প অবলম্বনে ‘ব্ল্যাঙ্কানিভস’ নামের নির্বাক চলচ্চিত্র তৈরি করেছেন স্প্যানিশ চিত্রনির্মাতা পাবলো বার্জার। ছবিটি ৮৫তম অস্কার আসরে স্পেনের প্রতিনিধিত্ব করবে। সম্প্রতি এক খবরে এবিসি নিউজ জানিয়েছে, আগামী বছর অস্কারে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতা করবে ছবিটি।সাদাকালোয় নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন স্পেনীয় বংশোদ্ভূত মেক্সিকান অভিনেতা ড্যানিয়েল গিমেনেজ ক্যাচো ও স্পেনের অভিনেত্রী ম্যারিবেল ভার্দু। এরই মধ্যে ছবিটি অস্কারে পাঠানোর ঘোষণা দিয়েছেন স্প্যানিশ সিনেমা অ্যাকাডেমির প্রেসিডেন্ট এনরিক গঞ্জালেস। ২৭ সেপ্টেম্বর এই সিদ্ধান্তের ঘোষণা দেওয়ার সময় এনরিক বলেন, ‘ছবিটি অবশ্যই সাফল্যের দাবিদার। এর আগে চারটি স্প্যানিশ চলচ্চিত্র অস্কার জিতেছে। আমরা আশা করছি, “ব্ল্যাঙ্কানিভস” আমাদের পঞ্চমবারের মতো অস্কার এনে দেবে।’ আলবার্তো রড্রিগেজ পরিচালিত ‘গ্রুপো ৭’ এবং ফার্নান্দো ট্রুয়েবা পরিচালিত ‘এল আর্টিস্তা ওয়াই লা মডেলো’র মতো চলচ্চিত্রকে পেছনে ফেলে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় অস্কার প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছে ‘ব্ল্যাঙ্কানিভস’। এর আগে ‘বেলে এপোচ’ চলচ্চিত্রের নির্মাতা হিসেবে অস্কার জিতেছিলেন ফার্নান্দো ট্রুয়েবা।