অস্কারের অন্যতম চমক মিশেল ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্কারের ইতিহাসে এই প্রথম কোনো মার্কিন ফার্স্ট লেডি পুরস্কারের ঘোষণা দিলেন। এবারের ৮৫তম অস্কার আসরে সেরা ছবির পুরস্কারের ঘোষণা দিয়ে সবাইকে বিস্মিত করেছেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। ভিডিও লিংকের মাধ্যমে হোয়াইট হাউস থেকে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত অস্কার আসরে যোগ দেন তিনি। ঘোষণা করেন অস্কারের সবচেয়ে আকাঙ্ক্ষিত পুরস্কার সেরা ছবির নাম। এ বছর অস্কারের সেরা ছবি বিভাগে বেন অ্যাফ্লেক পরিচালিত ‘আরগো’ ছবির নাম ঘোষণার পাশাপাশি চলচ্চিত্রশিল্পেরও ভূয়সী প্রশংসা করেন মিশেল। তিনি বলেন, ‘এবারের অস্কার মনোনয়ন পাওয়া নয়টি ছবিই দারুণ। ছবিগুলো আমাদের হাসিয়েছে, কাঁদিয়েছে। এগুলো আমাদের অতীতে নিয়ে গেছে। আবার নিয়ে গেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে।’ এক খবরে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মিশেল আরও বলেন, ‘ছবিগুলো আমাদের শিখিয়েছে, চাইলেই যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব। কোনো সমস্যার গভীরে গিয়ে আন্তরিকভাবে চেষ্টা করলে সমাধানের পথ যে বেরিয়ে আসে, সেটা আবারও মনে করিয়ে দিয়েছে ছবিগুলো। তরুণ প্রজন্মের জন্য এ ছবিগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ, প্রতিনিয়তই তারা শিল্পের সংস্পর্শে আসে, কল্পনাকে প্রসারিত করতে শেখে এবং শিল্পীর দেখানো স্বপ্নগুলোর দ্বারপ্রান্তে পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করে।’ বক্তব্য শেষে হাতের খামটি খুলে সেরা ছবি হিসেবে ‘আরগো’র নাম ঘোষণা করেন মিশেল ওবামা। সে সময় রুপালি রঙের পোশাকে হাসিখুশি মিশেলকে চমত্কার দেখাচ্ছিল।