অস্কারের ইতিহাসে সবচেয়ে বড় ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্কারের পুরস্কার হাতে উচ্ছ্বসিত (বাঁ থেকে) সেরা সহ-অভিনেতা মাহারশালা আলী, সেরা অভিনেত্রী এমা স্টোন, সেরা সহ-অভিনেত্রী ভায়োলা ডেভিস ও সেরা অভিনেতা কেসি অ্যাফ্লেক l রয়টার্স
অস্কারের পুরস্কার হাতে উচ্ছ্বসিত (বাঁ থেকে) সেরা সহ-অভিনেতা মাহারশালা আলী, সেরা অভিনেত্রী এমা স্টোন, সেরা সহ-অভিনেত্রী ভায়োলা ডেভিস ও সেরা অভিনেতা কেসি অ্যাফ্লেক l রয়টার্স

কালেভদ্রে এমন লজ্জায় নাক কাটার মতো ভুল হয়, এবার অস্কার আসরে যেমনটি ঘটল। যেনতেন ভুল নয়, এ এক মারাত্মক দুর্ঘটনা! সেরা চলচ্চিত্র বিভাগে ভুল করে লা লা ল্যান্ড-এর কাছে চলে গেল অস্কার। যেখানে আসল বিজয়ী মুনলাইট।

টান টান উত্তেজনা ছড়িয়ে পড়েছে ডলবি থিয়েটারের প্রতি কোণে। এমনকি টিভি, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব আর মোবাইলের পর্দায় আটকে থাকা চোখগুলোর পলকও পড়ছে না। কারণ, সেরা চলচ্চিত্র বিভাগ ঘিরে সবার কৌতূহল অনেক। এটাই আসরের শেষ পুরস্কার।

সিলগালা করা খাম খুলে পুরস্কার প্রদানকারী বর্ষীয়ান অভিনেতা ওয়ারেন বেটি নিশ্চুপ। সবার অধীর আগ্রহের প্রতি এমন ঠাট্টা পাশের আরেক বর্ষীয়ান অভিনেত্রী ফে ডানঅ্যাওয়ের সহ্য হলো না। ওয়ারেনের হাত থেকে ফলাফল লেখা কাগজটি নিয়ে গেলেন তিনি। কয়েক ন্যানো সেকেন্ডেই ঘোষণা করলেন, ‘সেরা ছবি লা লা ল্যান্ড।’

ঘোষণা অনুযায়ী মঞ্চে উঠে এল পুরো ‘লা লা ল্যান্ড’ দল। একে একে ছবির তিন প্রযোজকই নিজের বাঁধভাঙা আনন্দের অনুভূতি প্রকাশ করলেন। কিন্তু হঠাৎ মঞ্চে হুড়মুড় করে ঢুকে পড়লেন কয়েকজন একাডেমি অ্যাওয়ার্ড কর্মকর্তা। তাঁরা কথা বললেন সদ্য পুরস্কার পাওয়া ছবির প্রযোজক জর্ডান হোরোউটজের সঙ্গে। এর পরপরই পুরো আবহ হয়ে উঠল একটা সিনেমার মতো! সাবলীল ভঙ্গিতেই জর্ডান বললেন, ‘আমি দুঃখিত, এখানে একটা ভুল হয়েছে। মুনলাইট, তোমরা পেয়েছ সেরা ছবির পুরস্কার।’

প্রথমে সবাই জর্ডানের এই ঘোষণাকে মনে করেছে তাঁর উদারতা। কিন্তু পরে আসল সিলগালা খাম থেকে সঠিক ফলাফল বের করে তা ক্যামেরার দিকে তাক করে ধরলে ভুল ভাঙে সবার। মঞ্চে রীতিমতো দৌড়ে ওঠেন মুনলাইট ছবির শিল্পী ও কলাকুশলীরা। উত্তেজিত কণ্ঠে ছবির পরিচালক বেরি জেনকিনস বলেন, ‘স্বপ্নেও তো এমনটা কখনো ঘটতে পারে বলে ভাবিনি। স্বপ্ন গোল্লায় যাক, যা ঘটার তা তো ঘটেই গেছে। কারণ, এটা সত্যি সত্যি ঘটেছে!’

আসলে ওয়ারেন বেটির হাতে সেদিন ভুল খাম হিসেবে সেরা অভিনেত্রী এমা স্টোনের ফলাফলটি চলে যায়। লা লা ল্যান্ড-এর জন্য একটু আগেই এমা পেয়েছিলেন এবারের অস্কার।

অস্কার অনুষ্ঠান শেষ হওয়ার ঘণ্টাখানেক পর আনুষ্ঠানিক বিবৃতি পাঠায় একাডেমি অ্যাওয়ার্ডের হিসাব নিরীক্ষাকারী সংস্থা প্রাইসওয়াটারহাউসকুপারস। প্রতিষ্ঠানটি অস্কার সদস্যদের দেওয়া ভোট গণনা করে চূড়ান্ত ফলাফল তৈরি করে। এরপর তা সিলগালা করা খামে ভরে নিয়ে আসে অস্কার অনুষ্ঠানের দিন মূল মিলনায়তনে। প্রতিষ্ঠানটির নিরাপত্তা এতই কঠোর যে এর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়া অস্কার ফলাফল অনুষ্ঠানের শেষ মুহূর্ত পর্যন্ত জানতে পারে না কেউ, এমনকি একাডেমি কর্তৃপক্ষও না।

এদিকে এমন বিরল ভুল অবশ্য অস্কারে প্রথম ঘটেনি। এর আগেও ১৯৬৪ সালে একবার সেরা সংগীত বিভাগে অস্কার দিতে গিয়ে এমন ব্যক্তির নাম ঘোষণা করা হয়েছিল, যিনি আসলে মনোনয়নই পাননি। তবে গতকালের মতো একেবারে ভুল ব্যক্তির হাতে অস্কার পদক তুলে দেওয়ার মতো অবস্থা হয়নি। সে বছর ভুলটি বেশি দূর গড়ানোর আগেই শুধরে নেওয়া হয়।

টাইমস সাময়িকী ও একাডেমি পাবলিসিটি বিভাগের প্রেস বিজ্ঞপ্তি অবলম্বনে।