অস্কারের টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেট ব্ল্যানচেট
কেট ব্ল্যানচেট

এবারের অস্কারে বিদেশি কলাকুশলীদের জয়জয়কার। টুয়েলভ ইয়ারস আ স্লেভ ছবিটি একটি রেকর্ড গড়ে দিয়েছে। স্টিভ ম্যাককুইন প্রথম কৃষ্ণাঙ্গ পরিচালক, যাঁর পরিচালিত ওই ছবিটি অস্কারজয়ী হলো। মজার ব্যাপার হয়েছে পরে। ছবির অন্যতম প্রযোজক ব্র্যাড পিট খুশি লুকিয়ে রাখতে পারেননি। পরিচালক স্টিভকে জড়িয়ে ধরে তাই চুমু খেয়েছেন। পুরুষ হয়ে পুরুষকে চুমু খাওয়ায় উপস্থিত সবার মতো ভ্যাবাচেকা খেয়ে গেছেন পরিচালক নিজেও। তবে নিজেকে সামলে তিনি বলেছেন, ‘আমার মনে হয়, সব পুরুষকে আর কিছু নারীকে এইমাত্র ঈর্ষান্বিত করলাম আমি।’ ব্র্যাডের পাল্টা জবাব ছিল, ‘তোমার জানার জন্য বলছি, প্রথম পুরুষ হিসেবে তোমাকে চুমু খেয়েছি আমি।’

স্টিভ ম্যাককুইন ও ব্র্যাড পিট
স্টিভ ম্যাককুইন ও ব্র্যাড পিট



মজা ছিল অনুষ্ঠানের প্রথম দিকেও। গত বছর সেরা অভিনেত্রীর পুরস্কার নিতে গিয়ে স্টেজে পড়ে গিয়েছিলেন জেনিফার লরেন্স। সবাই ধরে নিয়েছিলেন এবারও হয়তো তেমনটা হবে। হয়েছেও তা-ই। তবে বেচারি জেনিফার এবার স্টেজে নয়, হোঁচট খেয়েছেন রেড কার্পেটে। পড়তে পড়তে পাশের এক নারীকে আঁকড়ে ধরে রক্ষা পেয়েছেন তিনি।

জেনিফার লরেন্স
জেনিফার লরেন্স



এবারের আসরে মহাকাশ অভিযানভিত্তিক ছবি গ্র্যাভিটি সবচেয়ে বেশি ১০টি বিভাগে মনোনয়ন পেয়ে পুরস্কার পেয়েছে সর্বাধিক সাতটি। প্রথম ল্যাটিন আমেরিকান পরিচালক হিসেবে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন ওই ছবিরই পরিচালক আলফোনসো কুয়েরন। আর সবচেয়ে বেশি অস্কার পাওয়ায় ছবিটিকে অভিনন্দন জানিয়েছে ‘নাসা’।

১০টি বিভাগে মনোনয়ন পেয়েও কোনো পুরস্কার পায়নি আমেরিকান হাসল। সেরা ছবি বিভাগে আমেরিকান হাসল ছাড়াও ক্যাপ্টেন ফিলিপস, নেব্রাসকা, ফিলোমেনা, উলফ অব ওয়াল স্ট্রিট মনোনয়ন পেলেও কোনো বিভাগেই পুরস্কার পায়নি।

সেরা অভিনেত্রী কেট ব্ল্যানচেট প্রথম অস্ট্রেলিয়ান অভিনেত্রী হিসেবে একাধিক অস্কারজয়ী হয়ে রেকর্ড গড়েছেন। এর আগে ২০০৪ এ অ্যাভিয়েটর-এর জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার পান তিনি। অস্ট্রেলিয়ারই ক্যাথরিন মার্টিন গড়েছেন আরেকটি রেকর্ড। নিজের দেশের হয়ে এক আসরে দুটি অস্কার পেয়েছেন তিনি। দ্য গ্রেট গেটসবি’র জন্য সেরা প্রোডাকশন ডিজাইন ও সেরা কস্টিউম ডিজাইনে অস্কার পান তিনি।

যুক্তরাষ্ট্রে ৪৩ মিলিয়ন দর্শক তিন ঘণ্টা ৩৫ মিনিট দীর্ঘ এ অস্কার অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করেন, দর্শক বিবেচনায় যা গত ১০ বছরের মধ্যে বেশি।
আহমেদ শরীফ, তথ্যসূত্র: ট্রিবিউন ডট কম, হলিউড লাইফ, এসবিএস ডট কম