অস্কারের পর গ্র্যামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রজগতের মানুষের স্বপ্ন অস্কার, আর গানের দুনিয়ায় গ্র্যামি অ্যাওয়ার্ড। দুটোই এখন এ আর রহমানের জয় করা হয়ে গেল। বাফটা, গোল্ডেন গ্লোবও আছে। স্লামডগ মিলিয়নিয়ার ছবিটির ‘জয় হো’ গানটারই জয়জয়কার সবখানে। ‘পাগলামি, তাই না? বলতেই হচ্ছে, খোদা সত্যিই মহান।’ ৩১ জানুয়ারি লস অ্যাঞ্জেলেসের স্টেপলস সেন্টারে গ্র্যামিটা হাতে নিয়ে এ আর রহমান এমন প্রতিক্রিয়াই জানালেন। ‘বেস্ট কমপাইলেশন সাউন্ডট্র্যাক ফর মোশন পিকচার, টেলিভিশন অর আদার ভিজ্যুয়াল মিডিয়া’ এবং ‘বেস্ট সং রিটেন ফর মোশন পিকচার, টেলিভিশন অর আদার ভিজ্যুয়াল মিডিয়া’—এই দুটি বিভাগে স্লামডগ মিলিয়নিয়ার ছবিটির ‘জয় হো’ গানটির জন্য দু-দুটো গ্র্যামি জিতে নিয়েছেন রহমান। দুই দশক আগে মণিরত্নমের রোজা ছবি দিয়ে রহমানের চলচ্চিত্রে যাত্রা শুরু। বলিউড জয় করা তো হয়ে গেছে তাঁর সেই সময়ই। ২০০৮-এ ড্যানি বোয়েলের স্লামডগ মিলিয়নিয়ার দিয়ে হলিউডেও নিজেকে চেনালেন রহমান। সেখানেই বাজিমাত। ‘জয় হো’ জিতেছিল অস্কার। এবার গোল্ডেন গ্লোবে প্রতিযোগিতাটা ছিল আরও কঠিন। ইনগ্লোরিয়াস বাস্টার্ডস, টোয়ালাইট, ট্রু ব্লাড, ক্যাডিলাক রেকর্ডস ছবিগুলোও মনোনীত হয়েছিল একইসঙ্গে। শেষ হাসি হেসেছেন রহমানই। বেস্ট সং বিভাগে হারিয়েছেন ব্রুস স্প্রিংস্টিনকে (দ্য রেসলার)।অ্যাওয়ার্ড জিতে রহমান ধন্যবাদ জানিয়েছেন স্লামডগ দলের সদস্য গুলজার, সুখবিন্দর সিং, তানভির শাহ ও বিজয় প্রকাশকে। এ ছাড়া গুরু বলে যাঁদের মানেন, সেই মণিরত্নম, শেখর কাপুর, সুভাষ ঘাই ও অ্যান্ড্রু লয়েড ওয়েবারের প্রতিও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি। পরিবারের সদস্য এবং মুম্বাই ও চেন্নাইয়ের সংগীতশিল্পীদেরও ধন্যবাদ দিয়েছেন। আর সবশেষে বলেছেন, জয় হো ইন্ডিয়া। ভারত থেকে গ্র্যামি জয় করা রবিশংকর, জাকির হুসেইন ও বিশ্বমোহন ভাটের সঙ্গে এবার যোগ হলো এ আর রহমানের নামও। আনন্দ প্রতিবেদক তথ্যসূত্র: ইন্টারনেট