
কারা পাচ্ছেন অস্কার? কাদের হাতে উঠল অস্কারের স্বর্ণমূর্তি? সেটা হয়তো আজ এতক্ষণে টিভি বা ইন্টারনেটের কল্যাণে জানা হয়ে গেছে অনেকের। কিন্তু এ দিনটি কি শুধুই বিজয়ীদের জন্য? অস্কারকে আরও বেশি প্রাণবন্ত করে তুলতে এর পেছনে কাজ করেন কিছু মানুষ। তাঁদের মধ্যে একজনের নাম শেফ ওল্ফগ্যাং পাক। ২২ বছর ধরে অস্কার আসরে অংশ নেওয়া অতিথিদের খাইয়ে তিনি হয়ে উঠেছেন তারকাদের তারকা। এ বছরও অস্কার আয়োজনের পর বিশ্বের নামজাদা সব চলচ্চিত্র ব্যক্তি পেট পুরে ওল্ফগ্যাংয়ের রান্না করা খাবার খাবেন।
অস্ট্রীয় বংশোদ্ভূত মার্কিন শেফ ওল্ফগ্যাং পাকের বয়স যখন ২৪ বছর, তখন থেকেই তিনি অস্কার আসরের পর আয়োজিত ভোজের জন্য খাবার তৈরি করে আসছেন। প্রতিবছর অস্কারে অংশ নেওয়া তারকা, অস্কারে মনোনয়ন পাওয়া চলচ্চিত্র ও নির্মাতাদের কথা ভেবে তৈরি করেন তঁার খাবারের মেনু্য। কখনো সেখানে থাকে অস্কারজয়ী তাইওয়ানের নির্মাতা অ্যাং লির পছন্দের তাইওয়ানিজ খাবার। কখনো–বা থাকে অ্যাডেল আর জন ট্রাভোলটার প্রিয় ‘ম্যাকারনি চিজ উইথ ট্রাফেল’। তবে এ বছর একটু দ্বিধায় আছেন ওল্ফগ্যাং পাক। তিনি এবার অস্কার আসরের আলোচিত ব্যক্তিত্ব লিওনার্দোর জন্য বিশেষ কী করতে পারেন? ওল্ফগ্যাং পাক এ নিয়ে বলেন, ‘বুঝে উঠতে পারছি না, লিওনার্দোকে কি ভাল্লুক দিয়ে তৈরি কোনো খাবার পরিবেশন করব!’ এটা বলেই হেসে ফেলেন ওল্ফগ্যাং। এরপর ঠাট্টা থামিয়ে বলেন, ‘আমাদের অস্কারের রসুইঘরে এ বছর ১ হাজার ৬০০ অতিথির জন্য খাবার তৈরি হবে। আমাকে এ কাজে সহায়তা করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নামী শেফদের আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছি। খাবার টেবিলে যেন সব অতিথির পছন্দের খাবারটি থাকে, সে লক্ষ্য নিয়ে তৈরি করছি খাবারের মেন্যু।’
তবে একটি আনুমানিক হিসাব দিয়ে ওল্ফগ্যাং বলেন, ‘চকলেটে তৈরি প্রায় পঁাচ হাজার অস্কারমূর্তি থাকবে অতিথিদের জন্য।’ অর্থাৎ যঁারা জিততে পারবেন না আসল অস্কার পদক, তঁাদের জন্য খাবার উপযোগী অস্কারের কোনো কমতি থাকছে না। অস্কার না জিতলে, খাবার টেবিলে বসে তা চিবিয়ে চিবিয়ে খেতে পারবেন হেরে যাওয়া অস্কার মনোনীত তারকারা।
হ্যালো ও ভোগ সাময়িকী অবলম্বনে।