অস্ট্রেলিয়ায় বাবুর ‘অস্ট্রেলিয়ান পাসপোর্ট’
‘অস্ট্রেলিয়ান পাসপোর্ট’ নামের নতুন একটি টেলিছবিতে অভিনয় করলেন অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু। তাও আবার অস্ট্রেলিয়ায়। নাটকটির শুটিংয়ের জন্য জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া গিয়েছিলেন তিনি। আকিদুল ইসলামের লেখা নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন। সম্প্রতি শুটিং শেষে দেশেও ফিরে এসেছেন ফজলুর রহমান বাবু।‘অস্ট্রেলিয়ান পাসপোর্ট’ নাটকের গল্প প্রসঙ্গে ফজলুর রহমান বাবু প্রথম আলো ডটকমকে বলেন, ‘পড়ালেখা করতে যাওয়া বাঙালি ছাত্রছাত্রীরা একটা সময় পর স্থায়ী আবাসনের জন্য আবেদন করেন। কিন্তু অস্ট্রেলিয়ান সরকারের আইনকানুন কঠোর হওয়ার কারণে তা দেরি হয়। আর এই সুযোগে আইনজীবীদের একটা গোষ্ঠী বিষয়টিকে পুঁজি করে বাঙালিদের নানা ভোগান্তিতে ফেলে। এসব নিয়েই নাটকের গল্প এগোতে থাকে।’বাবু আরও বলেন, ‘শুনেছি নাটকের রচয়িতা তাঁর অভিজ্ঞতা থেকেই নাটকটি লিখেছেন। নাটকটির মধ্য দিয়ে অস্ট্রেলিয়ান প্রবাসী বাঙালিদের বিভিন্ন অবস্থা সম্পর্কে সবাই একটা ভালো ধারণা পাবে বলে আমার বিশ্বাস।’‘অস্ট্রেলিয়ান পাসপোর্ট’ নাটকের অন্য অভিনয়শিল্পীরা হলেন: আনিসুর রহমান মিলন, আলভী ও সাজু খাদেম।দেশে ফিরে সালাউদ্দিন লাভলুর ‘কবুলিয়তনামা’ নাটকের মধ্য দিয়ে শুটিংয়ে ফিরেছেন ফজলুর রহমান বাবু। আর আজ রাজধানীর পুরান ঢাকায় শুটিং করছেন গোলাম মোস্তফা শিমুলের পরিচালনায় ‘মায়ানিগম’ নাটকের। এদিকে ২৬ জানুয়ারি আরটিভি স্টার অ্যাওয়ার্ডে ‘অলসপুর’ নাটকের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ফজলুর রহমান বাবু।