অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ‘চোরাবালি’
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে রেদওয়ান রনির ছবি চোরাবালি। এই দুটি দেশে ছবিটির পরিবেশনার দায়িত্বে আছে বিডি ক্র্যাফট। এই প্রতিষ্ঠানের কর্ণধার সাইদ ফয়েজ ই-বার্তার মাধ্যমে জানান, চোরাবালি ছবিটি অস্ট্রেলিয়ার সিডনি, ক্যানবেরা, মেলবোর্ন, অ্যাডিলেড, ব্রিসবেন ও পার্থ এবং নিউজিল্যান্ডের অকল্যান্ডের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত যতটুকু চূড়ান্ত হয়েছে, সে অনুযায়ী আজ ৯ ও কাল ১০ মার্চ সিডনির হোয়েটস ব্যাংকটাউন সিনেমা হলে, ১৬ মার্চ অ্যাডিলেডের হোয়েটস টি ট্রি প্লাজা সিনেমা হলে, ১৭ মার্চ ক্যানবেরার হোয়েটস উডেন সিনেমা হলে ও ২৪ মার্চ মেলবোর্নের হোয়েটস চ্যাডস্টোন সিনেমা হলে প্রদর্শন করা হবে চোরাবালি ছবিটি। এরই মধ্যে ছবির অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে। অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে bdcrafts.com/chorabali ঠিকানায় অথবা ০৪২২৬৯১৩১৩ (অপু) নম্বরেও যোগাযোগ করা যাবে।চোরাবালি ছবিতে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, জয়া আহসান, শহীদুজ্জামান সেলিম, এ টি এম শামসুজ্জামান, সোহেল রানা, ইরেশ যাকের প্রমুখ।