অস্ট্রেলিয়ায় বাপ্পা ও পার্থের কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ায় গিয়েছেন গায়ক পার্থ বড়ুয়া ও বাপ্পা মজুমদার। গতকাল বুধবার রাতে তাঁরা অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। পার্থ বড়ুয়া ও বাপ্পা মজুমদারের সঙ্গে বাদ্যযন্ত্রী হিসেবে গেছেন দলছুট ব্যান্ডের রোজ ও তানিম। জানা গেছে, এ সফরে তাঁদের সঙ্গে আরও যাওয়ার কথা ছিল সংগীতশিল্পী এলিটার। কিন্তু বাবার অসুস্থতার কারণে তাঁর আর যাওয়া হয়নি। পার্থ ও বাপ্পা ২৮ মে মেলবোর্নে এবং ৫ জুন সিডনিতে অনুষ্ঠেয় কনসার্টে অংশ নেবেন। পার্থ বড়ুয়া বলেছেন, ‘প্রবাসী বাঙালিদের আমন্ত্রণে এ সফর করছি। নতুন-পুরোনো মিলে অনেকগুলো গান করব। কনসার্টে অংশ নেওয়ার পাশাপাশি বেড়ানোটাও হবে। অনেক পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হবে।’বাপ্পা বলেছেন, ‘সুরছন্দ নামে প্রবাসী বাঙালিদের একটি সংগঠনের আমন্ত্রণে যাচ্ছি। প্রবাসী বাঙালিদের সামনে গান করতে ভালো লাগে। সেখানে একক পরিবেশনার পাশাপাশি আমাদের দ্বৈত পরিবেশনাও থাকবে।’ জানা গেছে, কনসার্ট দুটি শেষ করে আগামী ৬ জুন তাঁরা দেশে ফিরবেন। উল্লেখ্য, গত বছর পার্থ বড়ুয়া ও বাপ্পা মজুমদার যুক্তরাষ্ট্রের অস্টিন সিটিতে একসঙ্গে কয়েকটি কনসার্টে গান করেন। বর্তমানে পার্থ বড়ুয়া ও বাপ্পা মজুমদারের ‘হালখাতা’ নামের একটি অ্যালবাম প্রকাশের অপেক্ষায় রয়েছে।