অস্ট্রেলিয়ায় সত্যজিৎ রায়ের মূর্তি উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা চলচ্চিত্রের পথিকৃৎ নির্মাতা সত্যজিৎ রায়ের একটি মূর্তি সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে স্থাপন করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর মেলবোর্নের অস্ট্রেলিয়া ইন্ডিয়া ইনস্টিটিউট (এআইআই) ভবনের সামনে সত্যজিতের এ মূর্তি উন্মোচন করেন অস্ট্রেলিয়ার প্রখ্যাত চিত্রনির্মাতা পল কক্স। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার এস কে বেহরা। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে পিটিআই।সত্যজিতের মূর্তি উন্মোচন উপলক্ষে আয়োজিত বিশেষ এক অনুষ্ঠানে প্রদর্শিত হয়েছে তাঁর পরিচালিত ‘অপুর সংসার’ ছবিটি। অস্ট্রেলিয়া ইন্ডিয়া ইনস্টিটিউটের পরিচালক অমিতাভ মাতু, চেয়ারম্যান রবার্ট জনসনসহ আরও অনেকে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ‘পথের পাঁচালি’ (১৯৫৫), ‘অপরাজিত’ (১৯৫৬), ‘অপুর সংসার’সহ (১৯৫৯) বেশ কয়েকটি অসাধারণ চলচ্চিত্র উপহার দিয়েছেন সত্যজিৎ রায়। কাজের স্বীকৃতি হিসেবে ১৯৯২ সালে সম্মানসূচক অস্কার পুরস্কার পান গুণী এ নির্মাতা। ‘ভারতরত্ন’ উপাধিও পেয়েছেন সত্যজিৎ রায়।