অস্ট্রেলিয়ায় ১০ শিল্পীর 'জন্মভূমির গান'

দেশের সাম্প্রতিক চিত্রকলা নিয়ে গতকাল শনিবার অস্ট্রেলিয়ায় শুরু হলো দলীয় প্রদর্শনী। মেলবোর্নের আলিয়ঁস ফ্রঁসেজের গ্যালারিতে ‘জন্মভূমির গান’ শিরোনামের তিন দিনব্যাপী চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন করেন ন্যাশনাল গ্যালারি অব অস্ট্রেলিয়া কাউন্সিলের চেয়ারম্যান অ্যালান জেমস মেয়ার্স।
বেঙ্গল গ্যালারি এই প্রদর্শনীর আয়োজন করেছে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশন, অস্ট্রেলিয়া-বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ (এবিসিএক্স) ও টাঙ্গাইলের আনন্দপাঠের সহযোগিতায়। প্রদর্শনীতে সহায়তা দিয়েছে প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও চ্যানেল আই।
প্রদর্শনীতে শিল্পী কাইয়ুম চৌধুরী, তাহেরা খানম, রফিকুন নবী, মনিরুল ইসলাম, আবদুশ শাকুর শাহ, ফরিদা জামান, রণজিৎ দাস, রোকেয়া সুলতানা, কনকচাঁপা চাকমা ও মোহাম্মদ ইকবালের ৪০টি শিল্পকর্ম স্থান পেয়েছে।
২৪ মার্চ পর্যন্ত চলবে মেলবোর্নে বাংলাদেশের শিল্পীদের এই প্রদর্শনী। সাতজন শিল্পী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শিল্পী কাইয়ুম চৌধুরী ২৫ মার্চ স্বাধীনতা পুরস্কার গ্রহণ করার জন্য দেশে রয়ে গেছেন। তিনি ২৬ মার্চ অস্ট্রেলিয়ায় যাচ্ছেন। তাহেরা খানম ও আবদুশ শাকুর শাহও একই দিনে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে ন্যাশনাল গ্যালারি অব অস্ট্রেলিয়া কাউন্সিলের চেয়ারম্যান অ্যালান জেমস মেয়ার্স বলেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশের মানুষের টিকে থাকার অদম্য ইচ্ছা, তাদের প্রকৃতিসংলগ্নতা এবং সারল্য এই প্রদর্শনীর ছবিগুলোতে ফুটে উঠেছে। শিল্পী রফিকুন নবী বলেন, ‘মেলবোর্ন’ শব্দের সঙ্গে তিনি ‘মেলবন্ধন’ শব্দের মিল খুঁজে পান। এই মেলবোর্নেই শুরু হোক অস্ট্রেলিয়া ও বাংলাদেশের শিল্পের আদান-প্রদান তথা মেলবন্ধন। বিজ্ঞপ্তি।