অস্ট্রেলিয়ায় 'আরো ভালো বাসবো তোমায়'

ভালোবাসা দিবসে অস্ট্রেলিয়ায় দেখানো হবে ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবিটি। সেখানকার বাঙালি দর্শকদের জন্য ছবিটির প্রদর্শনীর ব্যবস্থা করেছেন ছবি-সংশ্লিষ্টরা। ছবির পরিচালক এস এ হক অলিক জানিয়েছেন, ১৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার সিডনির রোলটপ ওয়েস্টফিল্ড শপিং সেন্টারের হার্স্ট ভিলে সিনেমাসে ছবিটির প্রদর্শিত হবে। পরের সপ্তাহ থেকে পর্যায়ক্রমে ব্রিসবেন ও মেলবোর্নে ছবিটি দেখানো হবে।
দেশের বাইরে ছবির প্রদর্শনীর ব্যাপারে এস এ হক অলিক বলেন, ‘দেশের বাইরে বাংলা ভাষাভাষী বহু মানুষের বাস। চলচ্চিত্রপ্রেমী বাঙালির কাছে বাংলা সিনেমাকে পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বাংলা ছবির বাজারও প্রসারিত হবে। ব্যাপারটা বাংলা ছবির জন্য ইতিবাচক।’
পরিচালক জানিয়েছেন, মার্চ মাসে ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবিটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রদর্শনীর কথা রয়েছে।
ছবিটিতে অভিনয় করেছেন শাকিব খান, পরীমনি, সোহেল রানা, চম্পা, সাদেক বাচ্চু, আফজাল শরীফ প্রমুখ।