
স্বচ্ছ কাচের বাক্স। ভেতরে কাঠের গুঁড়ো দিয়ে ঢাকা রয়েছে পিস্তল। কিন্তু পিস্তলের অবয়ব স্পষ্ট। তুলে, ঝেড়ে নিয়ে ট্রিগারে চাপ দিলেই সচল হয়ে যেতে পারে পিস্তলটি। সামনে দাঁড়ানো মানুষটিও নিমেষে ঢলে পড়তে পারে মৃত্যুর কোলে। কিন্তু অস্ত্রের কাজ কি মানুষ হত্যা করা? একটু ভেবে নিয়ে এবং পান্থপথের পাঠশালায় গতকাল থেকে শুরু হওয়া প্রদর্শনী ঘুরে গিয়ে যদি উত্তর দেন তাহলে নির্ঘাত বলবেন, ‘না’। আসলেই, অস্ত্র তো মারে না! মারেন যিনি অস্ত্র চালান তিনি।
এমন অসংখ্য বোধ এবং চিন্তার খোরাক জোগাবে ‘উইপন ক্যান নট কিল’ নামের একটি প্রদর্শনী। গতকাল সন্ধ্যায় এর উদ্বোধন করেছেন আন্তর্জাতিক অনুষ্ঠান পরিচালক (ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ডিরেক্টর) তানজিম ওয়াহাব, চিত্রশিল্পী মাসুম ইশতি ও পাঠশালার ফটোগ্রাফি বিভাগের প্রধান তানভীর মুরাদ। আর ‘উইপন ক্যান নট কিল’-এর আয়োজক দাগী আর্ট গ্যারেজের সাতজন শিল্পী। এই প্রদর্শনীতে শিল্পীরা কথা বলেছেন চিত্রশিল্প, স্থাপত্য, পারফরম্যান্স অব আর্ট ও ফটোগ্রাফি নিয়ে। আর তাদের কথা বলার জায়গা পাঠশালার ছাদ, ডার্করুম, লাইব্রেরি এবং ক্লাসরুম, যা পুরো আয়োজনে বাড়তি আবহ তৈরি করেছে।
দাগী আর্ট গ্যারেজের এই সাতজন শিল্পী হলেন সৈয়দ তারেক রহমান, সানজিদ মাহমুদ, সনদ বিশ্বাস, রাসেল চৌধুরী, রুপম রয়, ইমরান সোহেল ও ধীমান সরকার। এদের মধ্যে পাঁচজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী ছিলেন। একজন শান্তিনিকেতন থেকে পাস করে এসেছেন। বাকি একজন পাঠশালারই। তবে সাতজন চিন্তাভাবনায় এক। তার চেয়ে বড় পরিচয় তাঁরা সাতজনই বন্ধু।
এই বন্ধুত্বের প্রদর্শনী দেখার জন্য ঢুকতেই একটা ধাক্কা সামলাতে হয়। ৯৫ শতাংশ ছাড়ে মাত্র পাঁচ টাকায় মিলছে প্রদর্শনীর টিকিট। এটি চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।