অস্ত্রোপচার শেষে হাসপাতাল ছাড়লেন শাবনূর

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূরের শারীরিক অবস্থা অনেকটাই উন্নতির দিকে। অস্ত্রোপচার শেষে চিকিৎসকের সবুজ সংকেত পেয়ে আজ শনিবার দুপুরের পর হাসপাতাল ছেড়েছেন তিনি। তবে, হাসপাতাল থেকে ফিরে নিজের বাসায় নয়, শাবনূর গেছেন তাঁর এক নিকটাত্মীয়ের বাসায়। সেখানে বিশ্রাম শেষে সন্ধ্যার দিকে নিজের বাসায় ফিরবেন বলে প্রথম আলোকে জানিয়েছেন তিনি।
হঠাৎ করে শারীরিক সমস্যা দেখা দেওয়ার কারণে বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন নায়িকা শাবনূর। সেখানে তিনি চিকিৎসক মৃণাল কুমারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতির কারণে বৃহস্পতিবারই শাবনূরের শরীরে একটি অস্ত্রোপচার করা হয়।
শাবনূর বলেন, ‘এখন মোটামুটি সুস্থ। চিকিৎসক বেশ কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন। সামনের কয়েকটা দিন এসব নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে। যেহেতু এখন কিছুটা সুস্থ, তাই আর হাসপাতালে থাকতে হলো না। দুপুরের পরই ছাড়পত্র পেয়ে হাসপাতালের কাছে এক আত্মীয়ের বাসায় এসেছি। বিশ্রাম শেষে বাসায় ফিরব।’
শাবনূর আরও বলেন, ‘শুরুতে ভেবেছিলাম ব্যথাটা খুব সাধারণ। কিন্তু পরে খুব ভয় পেয়ে যাই। এমনটা আগে কখনো হয়নি। আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে, এ যাত্রা বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেছি। আপাতত কয়েকটা দিন বিশ্রামে থাকতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।’
সম্প্রতি ‘পাগল মানুষ’ ছবির শুটিংয়ে অংশ নেওয়ার মধ্য দিয়ে ক্যামেরার সামনে দাঁড়ান শাবনূর। ছবিটির পরিচালক এম এম সরকারের হঠাৎ মৃত্যুর কারণে অনেক দিন ধরে এর কাজ স্থগিত ছিল। বর্তমানে ছবিটির কাজ শেষ করছেন তাঁর শিষ্য বদিউল আলম খোকন। এ ছবিতে শাবনূরের সহশিল্পী শায়ের খান।
বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। প্রয়াত চলচ্চিত্র-নির্মাতা এহতেশামের মাধ্যমে চলচ্চিত্রে আগমন ঘটে তাঁর। দীর্ঘ ক্যারিয়ারে শাবনূর বেশ কিছু ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন। প্রয়াত সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে যেসব ছবি উপহার দিয়েছেন তা আজও দর্শকহৃদয়ে গেঁথে আছে। অবশ্য, দেশের চলচ্চিত্রের একসময়ের এই ব্যস্ত তারকা কয়েক বছর ধরে চলচ্চিত্রে কিছুটা অনিয়মিত।