অস্ত্রোপচার করালেন রণবীর

সম্প্রতি অস্ত্রোপচার করিয়েছেন ‘বারফি’খ্যাত বলিউডের অভিনেতা রণবীর কাপুর। না, সৌন্দর্য বাড়ানোর জন্য তিনি চিকিত্সকদের ছুরি-কাঁচির দ্বারস্থ হননি। বুক থেকে সিস্ট অপসারণের জন্য এই অস্ত্রোপচার করিয়েছেন তিনি।
সম্প্রতি অস্ত্রোপচারের জন্য কয়েক ঘণ্টা হাসপাতালে কাটিয়েছেন রণবীর। পুরোপুরি সেরে ওঠার আগেই কাজের প্রয়োজনে তাঁকে হাসপাতাল ছাড়তে হয়। মাত্র এক দিন বিশ্রাম নিয়ে মুক্তির প্রতীক্ষিত ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির প্রচারণায় অংশ নেন রণবীর। বুকে ব্যান্ডেজ বেঁধে ছবির প্রচারণার জন্য মুম্বাই শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে দেখা যায় তাঁকে। ঘনিষ্ঠ সূত্রের বরাতে এমনটিই জানিয়েছে ‘জিনিউজ’।
এদিকে, কয়েক দিন ধরে মেরুদণ্ডের ব্যথায় ভুগছেন ৩০ বছর বয়সী এই তারকা অভিনেতা। তার ওপর অস্ত্রোপচারের ধকল। এত কিছুর পরও কাজে বিরতি না নিয়ে পেশাদারির অনন্য নজিরই স্থাপন করলেন এই ‘জুনিয়র কাপুর’।
‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বেঁধেছেন রণবীর। অয়ন মুখার্জির চিত্রনাট্য ও পরিচালনায় ছবিটিতে আরও অভিনয় করেছেন ‘আশিকি ২’ তারকা আদিত্য রয় কাপুর, কালকি কোচিন, কুনাল রয় কাপুর, ফারুক শেখ প্রমুখ। এ ছাড়া অতিথি চরিত্রে দেখা যাবে মাধুরী দীক্ষিত ও রানা দাগুবতীকে। ২০ কোটি রুপি বাজেটের ছবিটি মুক্তি পাচ্ছে ৩১ মে।