অস্ত্রোপচারের পর বিশ্রামে ফজলুর রহমান বাবু
পিত্তথলিতে সফল অস্ত্রোপচার শেষে বর্তমানে বাসায় বিশ্রামে আছেন টিভি নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু। আজ বৃহস্পতিবার প্রথম আলো ডটকমকে বাবু জানিয়েছেন, ২৪ সেপ্টেম্বর সকালে রাজধানীর গ্রিন রোডের গ্রিন লাইফ হাসপাতালে পিত্তথলির পাথর অপসারণের জন্য ভর্তি হয়েছিলেন তিনি। সেদিনই পিজি হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান সৈয়দ সিরাজুল ইসলামের তত্ত্বাবধানে ফজলুল রহমান বাবুর পিত্তথলিতে অস্ত্রোপচার করা হয়।ফজলুর রহমান বাবু বলেন, ‘পিত্তথলির পাথর নিয়ে বেশ কিছুদিন ধরে সমস্যা বোধ করছিলাম। অবশেষে চিকিত্সকের পরামর্শে অস্ত্রোপচারের মাধ্যমে সংকটমুক্ত হলাম।’ তিনি বলেন, ‘আপাতত বেশ ভালো বোধ করছি। আশঙ্কাও কেটে গেছে।’ফজলুর রহমান বাবু আরও বলেন, ‘অস্ত্রোপচারের পর চিকিত্সকেরা আমাকে এক সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে বলেছেন। পাশাপাশি ভারী কাজকর্ম থেকেও বিরত থাকতে উপদেশ দিয়েছেন। তাই আপাতত সব ধরনের শুটিং থেকে দূরে আছি। আশা করছি, অক্টোবরের প্রথম সপ্তাহে আবার শুটিংয়ে ফিরতে পারব। সবাই আমার জন্য দোয়া করবেন।’ফজলুর রহমান বাবু সর্বশেষ অরণ্য আনোয়ারের নাটকের শুটিং করেন।