অস্ত্রোপচারের পর সেরে উঠছেন সুচিত্রা সেন
বাম হাতের কবজিতে আঘাত পেয়ে ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার কলকাতার বেল ভু ক্লিনিকে ভর্তি হয়েছিলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন। কবজির হাড় ভেঙে যাওয়ায় সে রাতেই অস্ত্রোপচার করা হয় তাঁর। এক খবরে ‘আনন্দবাজার’ পত্রিকা জানিয়েছে, সফল অস্ত্রোপচার শেষে বাড়ি ফিরেছেন কিংবদন্তি এই অভিনেত্রী। এ প্রসঙ্গে বেল ভু ক্লিনিকের প্রধান নির্বাহী কর্মকর্তা পি কে ট্যান্ডনের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সুচিত্রা সেনের কবজির হাড় ভেঙে গিয়েছিল। তাঁকে প্রয়োজনীয় চিকিত্সা দেওয়ার পর পর্যবেক্ষণে রাখা হয়। তিনি সেরে উঠছেন এবং ভালো আছেন। কয়েক দিন আগে বাড়িতে পড়ে গিয়ে বাম হাতের কবজিতে ব্যথা পান সুচিত্রা সেন। এতে তাঁর কবজি ফুলে যায় এবং প্রচণ্ড যন্ত্রণায় কাতরাতে থাকেন। বাড়িতেই তাঁর হাতের এক্সরে করা হয়। রিপোর্টে দেখা যায়, কবজি ভেঙে গেছে। পরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার মিন্টো পার্কের বেল ভু ক্লিনিকে ভর্তি হন সুচিত্রা সেন।১৯২৯ সালের ৬ এপ্রিল বাংলাদেশের পাবনায় (বর্তমান সিরাজগঞ্জ জেলা) এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন রমা দাশগুপ্ত ওরফে সুচিত্রা সেন। বাংলা চলচ্চিত্রে অভিনয়ে আসার পর তাঁর নাম হয়েছিল সুচিত্রা সেন। মহানায়কখ্যাত অভিনেতা উত্তম কুমারের সঙ্গে জুটি বেঁধে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয়তম জুটি হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন উত্তম-সুচিত্রা। ‘সাড়ে চুয়াত্তর’, ‘শাপমোচন’, ‘সাগরিকা’, ‘পথে হল দেরি’, ‘দীপ জ্বেলে যাই’, ‘সাত পাকে বাঁধা’, ‘রাজলক্ষ্মী’সহ একের পর এক অসাধারণ জনপ্রিয় সব চলচ্চিত্র উপহার দিয়েছেন সুচিত্রা সেন। বিয়ে করেছিলেন সে সময়ের ধনাঢ্য ব্যবসায়ী পরিবারে ছেলে দিবানাথ সেনকে।সুচিত্রা অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘প্রণয় পাশা’ মুক্তি পেয়েছিল ১৯৭৮ সালে। স্বামীর মৃত্যুর পর কিছু দিন অভিনয় করলেও দীর্ঘদিনের স্বজন, বন্ধু ও জুটি উত্তম কুমারের মৃত্যুর পর আকস্মিকভাবেই চলচ্চিত্রজগত্ থেকে সরে আসেন তিনি। নিজেকে বাড়ির চার দেয়ালে বন্দী করে ফেলেন। আজ অবধি নিজেকে আড়ালেই রেখেছেন ৮১ বছর বয়সী এ অভিনেত্রী। কোনো এক অজানা কারণে লোকচক্ষুর অন্তরালেই থাকতে চান বাংলা চলচ্চিত্রের গুণী এ অভিনয়শিল্পী।