অস্থির চলচ্চিত্রাঙ্গন শান্ত হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারুক ও  জায়েদ খান
ফারুক ও জায়েদ খান

শাকিব খানের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ফারুক সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে গত ২৩ জুন এফডিসিতে এক সংবাদ সম্মেলন করে চলচ্চিত্র পরিবার শাকিব খানকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে। চলচ্চিত্র পরিবার অধিভুক্ত সংগঠনের কর্মীদের শাকিবের সঙ্গে কাজ না করার ব্যাপারে সিদ্ধান্ত হয়। দুই পক্ষের অস্থিরতা নিরসনে ২৯ আগস্ট রাতে ফারুকের উত্তরার বাসায় এক বৈঠক হয়। সেখানে শাকিব খান তাঁর আচরণের জন্য ফারুকের কাছে দুঃখ প্রকাশ করেন। শাকিব নিজের ভুল বুঝতে পারায় ফারুকও ক্ষমা করে দেন তাঁকে।

এ সময় আরও উপস্থিত ছিলেন পরিচালক আমজাদ হোসেন, চিত্রনায়ক বাপ্পারাজ, পরিচালক সমিতির সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন, এডিটরস গিল্ডের সভাপতি আবু মুসা দেবু, নৃত্য পরিচালক সমিতির সভাপতি মাসুম বাবুল, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান প্রমুখ।

সবার উপস্থিতিতে বিষয়টির মিটমাট হয়ে গেলেও পরদিন সকালে প্রথম আলোকে বদিউল আলম খোকন বলেন, শাকিব খানের ক্ষমা চাওয়ার বিষয়টি ব্যক্তিগতভাবে মেনে নিলেও চলচ্চিত্র পরিবারের ১৮টি সংগঠনের সঙ্গে যে ঝামেলা আছে, ফারুক ভাই তা মিটিয়ে ফেলতে বলেছেন তাঁকে। তিনি আরও বলেন, ‘শাকিবও ফারুক ভাইয়ের উপদেশ মেনে নেওয়ার কথা বলেছেন। আজ বিকেল চারটায় এফডিসিতে সব সংগঠনের সঙ্গে বসবেন।’

খোকনের এমন বক্তব্যে চলচ্চিত্র পরিবারের সদস্যদের মধ্যে আবার গুঞ্জন শুরু হয়। তবে কি সবকিছু মিটমাট হলো না? পরে ৬ সেপ্টেম্বর শিল্পী সমিতির কার্যালয়ে বসে প্রথম আলোকে সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘আমরা একই পরিবারের। দয়া করে কেউ বিভ্রান্তি ছড়াবেন না। এফডিসি শাকিব খানের বাড়ি। এখানে তাঁর যখন মন চায়, আসবেন। ক্ষমা চাইতে হবে না।’

গতকাল ফারুক বলেন, ‘শা‌কিব আমা‌দেরই ছে‌লে। ও যা করেছে, না বুঝেই করেছে, তা সে বুঝতেও পেরেছে। তার সঙ্গে এখন থেকে চলচ্চিত্র পরিবারের আর কোনো সমস্যা নেই। এখন সবাইকে একসঙ্গে চলচ্চিত্রকে এগিয়ে নেওয়ার কাজ করতে হবে।’

শাকিব বলেন, ‘আমি সব সময় ঝামেলার বিপক্ষে। আমি চাই সবাই শান্তিতে কাজ করবে। ‌নি‌জে‌দের মধ্যে ঝামেলা রেখে কোনো লাভ নেই। দিন শে‌ষে আমরা একই প‌রিবা‌রের সদস্য।’

এর আগে কাজী হায়াৎ, মৌসুমী, ওমর সানী, বিদ্যা সিনহা মিম, ববিসহ নয়জনকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে শিল্পী সমিতি—এমন খবরও এসেছিল। জায়েদ খান বলেন, ‘শিল্পী সমিতি বা চলচ্চিত্র পরিবারের কারও সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব এখন আর নেই। আমাদের অভিভাবক ফারুক ভাই সবকিছুর সমাধান করে দিয়েছেন। আমরা এখন সিনেমার উন্নয়নে মনোযোগী হচ্ছি।’