অস্থির বলিউড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিতে রণবীর ও আনুশকা
অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিতে রণবীর ও আনুশকা

এখন যেকোনো জাতীয় ইস্যুতে বলিউডে গ্যাঞ্জাম শুরু হওয়া এক ধরনের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তবে এবারের পরিস্থিতি একটু বেশিই ঘোলাটে। কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে হামলার জের ধরে ভারত ও পাকিস্তান‍ দুই দেশের মধ্যে যুদ্ধ যুদ্ধ রব। সেই ‘যুদ্ধ’র উত্তাপ বেশ ভালোভাবেই আঁচ করতে পারছে বলিউড। কারণ, এরই মধ্যে পাকিস্তানে বলিউডের ছবি মুক্তি নিষিদ্ধ হয়ে গেছে। আর ভারতে পাকিস্তানি শিল্পী ও কুশলীদের নিয়ে তৈরি ছবির প্রদর্শনী বন্ধের পথে। এই ঘোলাটে পরিস্থিতিতে দুই দেশের চলচ্চিত্রশিল্পই এখন হুমকির মুখে।

মাহিরা খান
মাহিরা খান


কথা ছিল, ২৮ অক্টোবর মুক্তি পাবে করণ জোহর পরিচালিত ছবি অ্যায় দিল হ্যায় মুশকিল। ছবিটির শুটিং শুরুর সময় থেকেই এ নিয়ে আলোচনার কমতি নেই। তারকাবহুল এ ছবিতে খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। খুবসুরত ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক হওয়ার পর থেকেই এই সুদর্শন অভিনেতার কদর উঠতির দিকে। তা ছাড়া এ বছরই মুক্তি পাওয়া কাপুর অ্যান্ড সনস ছবির সাফল্য দিয়েও ফাওয়াদ জয় করেছিলেন বলিউড বণিকদের আস্থা। কিন্তু এখন সেই ফাওয়াদই হয়ে উঠেছেন নির্মাতা করণ জোহরের ভোগান্তির কারণ। তাঁর কারণেই করণের ছবিটির মুক্তি এখন অনেকটাই অনিশ্চিত। কারণ গত শুক্রবার ভারতের মহারাষ্ট্রের হলমালিকদের একটি সংগঠন ঘোষণা দিয়েছে, কোনো পাকিস্তানি শিল্পী ও কুশলীদের নিয়ে তৈরি ছবি তাঁরা তাঁদের প্রেক্ষাগৃহে প্রদর্শন করবে না। তাই ভারতের একাংশে এরই মধ্যে অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিটির মুক্তি আটকে গেছে।

রইস ছবিতে শাহরুখ খান
রইস ছবিতে শাহরুখ খান

কিন্তু এরপরও আশার আলো দেখছেন করণ জোহর। যদিও তাঁর প্রিয় অভিনেতা ফাওয়াদ খান এরই মধ্যে ভারত ছেড়ে ফিরে গেছেন নিজ দেশ পাকিস্তানে। ভারত ছেড়েছেন পাকিস্তানি শিল্পী রাহাত ফতেহ আলী খান, শাফাকাত আমানত আলী, আলী জাফর, মাহিরা খানসহ অন্যরা। তবে তাতেও পরিস্থিতি ঠান্ডা হয়নি। বরং পাকিস্তানের শিল্পীদের বিরুদ্ধে ভারতের উগ্রবাদী রাজনীতিক দলগুলো আরও কঠোর হচ্ছে দিন দিন। শাহরুখ খানের পরবর্তী ছবি রইস থেকে পাকিস্তানের মাহিরাকে বাদ দেওয়ার হুমকি পর্যন্ত দিচ্ছে অনেক রাজনৈতিক দল। এমন হুমকি করণ জোহরকেও দেওয়া হয়েছিল ফাওয়াদকে বাদ দেওয়ার ব্যাপারে।

তবে করণও একা নন। এমন হুমকিতে শেষ নাগাদ ঘাবড়ে যাননি তিনি। কারণ তাঁর পাশে আছে পুরো বলিউড। এরই মধ্যে অ্যায় দিল হ্যায় মুশকিল মুক্তির পক্ষে নিজেদের আওয়াজ বলিষ্ঠ করেছেন নির্মাতা মহেশ ভাট, অনুরাগ কাশ্যপ, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াসহ অনেকে। অনুরাগ তো টুইটারে সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করে বসেছেন। আর প্রিয়াঙ্কা প্রশ্ন তুলেছেন ভারতীয়দের দেশাত্মবোধ নিয়ে। কিন্তু এরপরও অ্যায় দিল হ্যায় মুশকিল-এর মুক্তি অন্ধকারেই থেকে যাচ্ছে।

আদর রহমান
ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য হিন্দু ও বলিউড হাঙ্গামা অবলম্বনে