অহনা এখন ব্যস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনে ঈদ। দম ফেলার নেই ফুরসত। সারা দিন শুটিং। বাংলাদেশ শিশু চলচ্চিত্র সংসদের শিশুশিল্পী হিসেবে অহনা রহমান এসেছিলেন অভিনয়জগতে। ডাক নাম লাকী। ‘ছোটবেলা থেকে ইচ্ছা ছিল অভিনয়শিল্পী হওয়ার। আমার মায়েরও স্বপ্ন ছিল। তাঁর স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছি। প্রতিদিনই নতুনভাবে শিখছি। চেষ্টা করছি ভালো করার।’ বলেন অহনা। বিজ্ঞাপনের মাধ্যমেই পরিচিতি পেয়েছেন। ডিজুস, জুঁই নারিকেল তেল, কসমস বিস্কুট, নেসক্যাফের বিজ্ঞাপন তাঁর ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে। অহনা এরই মধ্যে এফ আই মানিকের দুই পৃথিবী চলচ্চিত্রেও কাজ করেছেন। বড় পর্দার কাজ করার অভিজ্ঞতা বলতে গিয়ে তিনি বলেন, ‘সব সময় পরিবারের সহযোগিতা ও সমর্থন পেয়েছি। চলচ্চিত্র বড় মাধ্যম। এখানে শেখার অনেক বিষয় আছে। খুব সতর্কতার সঙ্গে কাজ করতে হয়। এই চলচ্চিত্রে আমার সহশিল্পী হিসেবে আছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা শাকিব খান। কাজ করার সময় খুব সাহায্য করেছেন তিনি। তাঁর সঙ্গে কাজ করতে গিয়ে কোনো সমস্যায় পড়তে হয়নি। এই চলচ্চিত্রের অর্ধেক শুটিং হয়ে গেছে। আশা করছি, তাড়াতাড়ি দর্শকেরা দেখতে পাবেন।’অহনা অভিনীত তিনটি ধারাবাহিক প্রচারিত হচ্ছে। চৈতা পাগল, কইন্যা রূপবতী ও নটআউট। অহনা বলেন, ‘অভিনয় করতেই বেশি ভালো লাগে। ব্যবস্থাপনায় স্নাতক পাস করেছি। এত দিন লেখাপড়ার জন্য বেশি কাজ করতে পারতাম না। এখন পুরো সময়টা দিতে পারছি। আপাতত বিজ্ঞাপনের কাজ না করলেও ছোট পর্দায় নিয়মিত কাজ করতে চাই। তবে ভালো মানের বিজ্ঞাপন হলে করব। আমি অভিনয়শিল্পী হতে চাই। এরই মধ্যে অনেকের সঙ্গে কাজ করা হয়েছে। অভিনেতা হুমায়ুন ফরীদি ও এ টি এম শামসুজ্জামানের সঙ্গে কাজ করার স্বপ্ন আমার। ইশ্, কখনো যদি সুযোগ হতো!’মা-বাবার একমাত্র সন্তান অহনা মানুষ হিসেবে খুব মিশুক। হাসতে হাসতে বলেন, ‘আমি কথা না বলে বেশিক্ষণ থাকতে পারি না। একটু চঞ্চল স্বভাবের। অবসর পেলেই হলো, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি। আগের থেকে এখন ব্যস্ততা বেড়েছে। উপভোগ করি ভক্তদের ভালোবাসা। এইতো কয়েক দিন আগে আমার দুজন ভক্ত ঈদ উপলক্ষে শাড়ি পাঠিয়েছে। মানুষের এমন ভালোবাসার জন্যই আরও ভালো কাজ করতে চাই, যাতে তাদের একটু হলেও প্রতিদান দিতে পারি।’