ওপরের ছবিটি জন্মসূত্র দলের অহরকন্ডল নাটকের। লেখা বদরুজ্জামান আর নির্দেশনা দিয়েছেন কামালউদ্দিন কবির।নাটকটির ছবিতে দেখা যাচ্ছে দিলীপ চক্রবর্তী, আনোয়ারুল হক ও রতন দেবকে।নাটকটির ছবিটির মুহূর্তের কথা বলতে গিয়ে দিলীপ চক্রবর্তী বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম আকমন। আমি মঞ্চের সামনে; মাঝখানে আনোয়ারুল হক আর পেছনে রতন দেব। এই দৃশ্যে দেখা যায়, আমরা তিনজন একটা চরে চলে যাই। ওখানে গিয়ে একটা সময় আমরা তিনজনই একা একা কথা বলা শুরু করি। চরের চারপাশের প্রকৃতি, জ্যোৎস্না—সৃষ্টিতত্ত্ব নিয়ে বর্ণনা শুরু হয়। এমনই একটা দৃশ্য ছবিটিতে দেখা যাচ্ছে। কিন্তু নাটকটি শেষ হওয়ার আগ পর্যন্ত তিনজনকে ঘিরে রহস্য থেকে যায়।’নাটকটি প্রথম মঞ্চে আসার সময়ের স্মৃতির কথা বলতে গিয়ে দিলীপ চক্রবর্তী বলেন, ‘এই নাটক নিয়ে মহড়ার অভিজ্ঞতার কথা খুব বেশি মনে পড়ে। তখন দলটি নতুন। অহরকন্ডল প্রথম প্রযোজনা। আমরা তিনজন তিন দল থেকে এসে নাটকটি করছি। মহড়ার জন্য আমাদের স্থায়ী কোনো জায়গা ছিল না। মহড়ার দিনগুলোতে অনেক কষ্ট হয়েছে। আমরা নাটকটি নিয়ে চার মাস মহড়া করেছি। মহড়ার জন্য দৃশ্যপটের মহড়াকক্ষ, প্রাচ্যনাট, উদীচী, থিয়েটার সেন্টার ও নারায়ণগঞ্জের ঐকিক থিয়েটারের মহড়াকক্ষ ব্যবহার করেছি। প্রস্তুতির জন্য বেশি সময় লাগলেও নাটকটি মঞ্চে ওঠাতে চার মাস টানা মহড়া করতে হয়েছে।’এ পর্যন্ত নাটকটির প্রায় ১৬টি প্রদর্শনী হয়েছে। ২০০৫ সালে নাটমণ্ডলে নাটকটির উদ্বোধন হয়। সর্বশেষ প্রদর্শনী হয় এ বছরের ফেব্রুয়ারি মাসে। তবে নাটকটি নিয়মিতভাবে প্রদর্শনী হচ্ছে না।