অ্যাংকর মফিজ টেলিছবিতে ইরেশ যাকের
এবারের ঈদে একটি নাটক ও একটি টেলিছবিতে কাজ করেছেন অভিনেতা ইরেশ যাকের। এর মধ্যে ‘অ্যাংকর মফিজ’ নামের একটি টেলিছবিতে একেবারে ব্যতিক্রমভাবে তাঁকে উপস্থাপন করা হয়েছে বলে জানান ইরেশ। শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় এরই মধ্যে ছবিটির বেশির ভাগ অংশের শুটিং শেষ হয়েছে। টেলিছবির কাহিনিতে দেখা যাবে মফিজউল্যা বিশ্বাস সম্ভাবনাময় অনুষ্ঠান উপস্থাপক। এখন যারা বড় বড় উপস্থাপক আছেন তাঁদের কারোরেই তার মতো কণ্ঠস্বর, উচ্চারণক্ষমতা নেই। শুধু একটা সুযোগের অপেক্ষা। আর এটা যদি সে পায় তাহলে উপস্থাপনার জগতে নতুন ইতিহাস তৈরি করবে।কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাবে মফিজউল্যা কেউ না এবং সে কিছু পারেও না। কয়েকটি প্রোডাকশন হাউসে আর চ্যানেলে ধরনা দিয়ে দিয়ে শেষমেশ অডিশন করেছে। কিন্তু প্রতিবারই তার আনাড়িপনা সবার হাসির খোরাক যুগিয়েছে। এ রকমই কিছু ঘটনা নিয়ে কোরবানির ঈদের জন্য নির্মিত হচ্ছে টেলিছবি ‘অ্যাংকর মফিজ’।অ্যাংকর মফিজ সম্পর্কে ইরেশ যাকের বলেন, ‘শিহাব ভাইয়ের কাজ সচরাচর অন্য কাজগুলোর চেয়ে একটু আলাদা হয়। অফিসের কাজের চাপে এতটাই ব্যস্ত থাকতে হয় যে সেভাবে নাটকে সময় দিতে পারি না। গল্পটা আসলে পছন্দ হওয়াতে আর না করে থাকতে পারলাম না।’ইরেশ আরও বলেন, ‘টেলিছবিটির জন্য আমাকে নাচ-গানসহ অনেক কিছুই করতে হয়েছে। এমনকি অ্যাংকর মফিজের যখন শুটিং করছিলাম তখন আমি প্রচণ্ড জ্বরে আক্রান্ত ছিলাম। আজ ছবিটার শেষ শুটিংয়ে অংশ নেব। অবশ্য পরিচালকের সহযোগিতার কারণে এখন পর্যন্ত সবকিছু ভালোভাবে করতে পেরেছি।’শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় অ্যাংকর মফিজ টেলিছবিতে আরও অভিনয় করেছেন ফারাহ রুমা, প্রাণ রায়, মহিউদ্দিন বাহার প্রমুখ। এ ছাড়া একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। অ্যাংকর মফিজ নামের এ ছবিটি ঈদে এনটিভিতে প্রচারিত হবে।