অ্যাকশন কন্যা সালডানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জো সালডানা? কে এই জো সালডানা! ২০০৯ সালে অ্যাভাটার ছবিটি বেরোনোর আগে অধিকাংশ মানুষের মুখেই ঘুরে ফিরছিল এ প্রশ্ন। কয় দিন আগে সালডানাও স্মৃতিচারণা করলেন সেই অভিজ্ঞতার কথা, ‘অ্যাভাটার ছবির আগে আমাকে তেমন কেউ চিনত বলে মনে হয় না! আসলে স্টিভেন স্পিলবার্গের এই ছবিটিই আমাকে পাদপ্রদীপের আলোয় নিয়ে এসেছে।’ অকপটে এমন স্বীকারোক্তি উচ্চারণ করলেও সালডানা যে তার আগে উল্লেখযোগ্য কোনো ছবিতে অভিনয় করেননি, তা কিন্তু নয়। ২০০৩ সালে এই অভিনয়শিল্পী কাজ করেছিলেন পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্লে ছবিতে। তার পরের বছর অভিনয় করেছিলেন স্পিলবার্গের ছবি দ্য টার্মিনাল ও ২০০৯ সালে স্টার ট্রেক-এর মতো ছবিতেও। কিন্তু সত্যিকারের বাজিমাত হয়েছিল ওই অ্যাভাটার ছবিতেই।তারপর আর পিছু ফিরে তাকানোর মতো ফুরসত পেলেন না ৩৩ বছর বয়সী সালডানা। কয় দিন আগে মুক্তি পেয়েছে তাঁরকলম্বিয়ানা ছবিটি। হলিউডের হালনাগাদ টপচার্টে এ ছবিটির অবস্থান ৬ নম্বরে। অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার এ ছবিতে নাম লেখানোর ব্যাপারেও সলতে হিসেবে কাজ করেছে অ্যাভাটারই। কলম্বিয়ানার পরিচালক লুক বেসন। নামটা নিশ্চয়ই অচেনা নয় আপনার কাছে? হ্যাঁ, ফরাসি এ পরিচালক তৈরি করেছিলেন লা ফেমে নিকিতা (১৯৯০), লিওন: দ্য প্রফেশনাল (১৯৯৪) এবং দ্য ট্রান্সপোর্টার-এর (২০০২) মতো উল্লেখযোগ্য কিছু ছবি। তো এ পরিচালকওঅ্যাভাটার ছবির সালডানার দুর্দান্ত অভিনয়ের প্রেমে পড়ে গিয়েছিলেন। ফলাফলকলম্বিয়ানা ছবির মূল চরিত্র কাতালিয়া হিসেবে সালডানাকে বেছে নেওয়া।নতুন এ ছবিতে কাজ করার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সালডানা বললেন, ‘একদম অন্য রকম এক চরিত্রে কাজ করার সুযোগ পেয়েছি এ ছবিতে। ধুন্ধুমার মারধর থেকে শুরু করে কিছুটা রহস্য, কিছুটা লাস্যময় নারীর ভূমিকায় অবতীর্ণ হতে হয়েছিল আমাকে।’ এ ফাঁকেকলম্বিয়ানার কাহিনি সংক্ষেপ বলে নেওয়া ভালো। এ ছবিতে দেখা যাবে, কাতালিয়া একজন আততায়ী। চোখের সামনে মা-বাবাকে খুন হতে দেখেই তার এমন বেপথে চলার শুরু। তবে কাতালিয়া এটাকে বেপথ জ্ঞান করে না। তার মতে, এটাই হলো মা-বাবার খুনিদের শায়েস্তা করার মোক্ষম পথ।মোটকথা এ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে পুরোদস্তুর অ্যাকশন গার্ল হিসেবেও আত্মপ্রকাশ করলেন সালডানা। অ্যাকশন ঘরানার ছবিতে নারী চরিত্রগুলো বরাবরই কোনো পুরুষ চরিত্রের সঙ্গী হিসেবে থাকেন। তাই পুরোপুরি অ্যাকশন গার্ল বলতে যা বোঝায়, তা হয়ে ওঠে না শেষমেশ। তবে এ ক্ষেত্রে নিজেদের এ রাস্তায় প্রতিষ্ঠিত করেছেন লিন্ডা হ্যামিলটন, অ্যাঞ্জেলিনা জোলি, মিলা জোভোভিচ ও সিগুয়েরনে ওয়েভারের মতো তারকারা। কলম্বিয়ানা দেখার পর সমালোচকেরা বলছেন, সালডানাও উতরে গেছেন বেশ।সমালোচকদের এমন প্রশংসাবাক্য আদায় করার পেছনে সালাডানার পরিশ্রমই সবচেয়ে বড় টোটকা হিসেবে কাজ করেছে। ছবির প্রস্তুতিপর্বে নৌবাহিনী থেকে শুরু করে পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে হাতে-কলমে তালিম নিয়েছিলেন সালডানা। আর কোরিওগ্রাফার ও স্টান্ট সমন্বয়কের কাছ থেকে তো নিয়েছেনই। ‘সবচেয়ে মজার ব্যাপার হলো, ক্রেভ মাগা নামের এক ধরনের আত্মরক্ষার কৌশলও আয়ত্ত করতে হয়েছে আমাকে! এর উদ্ভাবক ইসরায়েলি সেনাবাহিনী। এর মাঝে মার্শাল আর্টও যুক্ত ছিল। আমি সব সময় চাই এমন কিছু করতে, যা আমাকে আনন্দ দেবে। অভিনয় আসলে আমার জীবনের সবকিছু।’ বলছিলেন সালডানা।  মাহফুজ রহমাননিউইয়র্ক টাইমস সিন্ডিকেট অবলম্বনে