অ্যাকশন কমেডি হয়ে আসছে 'বেসিক আলী'

প্রথম আলোয় নিয়মিত ছাপা হওয়া কার্টুন স্ট্রিপ ‘বেসিক আলী’ আসছে কমেডি সিরিজ হিসেবে। যা দেখা যাবে অনলাইন ও টিভিতে। এমনটাই জানালেন বেসিক আলীর জনক শাহরিয়ার। এরই মধ্যে বেশ কিছু অংশের শুটিংও হয়ে গেছে। তিনি বলেন, পর্দায় বেসিক আলীর চরিত্রে দেখা যাবে তরুণ অভিনয়শিল্পী তৌসিফ মাহবুবকে। আর ক্যামেরার পেছনে থেকে নির্মাতার কাজটি করছেন সাঈদ রিংকু। পুরো কাজটি তত্ত্বাবধান করছেন শাহরিয়ার।
‘বেসিক আলী’র মতো অ্যাকশন কমেডি সিরিজের মূল চরিত্রে অভিনয় করে দারুণ উচ্ছ্বসিত তৌসিফ মাহবুব। বলেন, ‘আমি অভিনয়ে আসার আগে থেকেই বেসিক আলীর ভক্ত। এই চরিত্রে কখনো অভিনয় করতে পারব, স্বপ্নেও ভাবিনি। শুটিংয়ের প্রথম দিন খুব ভয়ে ভয়ে ছিলাম।’
পরিচালক সাঈদ রিংকু বলেন, ‘কমিকস থেকে লাইভ অ্যাকশন এর আগে এ দেশে মনে হয় নির্মাণ হয়নি। এমন একটি কাজের সঙ্গে থাকতে পেরে সত্যিই ভালো লাগছে।’
তৌসিফ মাহবুব ছাড়াও ‘বেসিক আলী’ সিরিজের চেনা চরিত্রগুলোয় দেখা যাবে বিজরী বরকতউল্লাহ, আবদুল্লাহ রানা, সাবরিনা মেহেক, ফারহানা মিলি, মাসুম বাশারসহ মীর নৌফেল আশরাফি জিসান, সালমান জামান, নওশীন মৌ প্রমুখকে। এ ছাড়া বিশেষ ভূমিকায় দেখা যাবে জ ই মামুন, ইনাম আহমেদ ও শাহরিয়ার খানকে!
পত্রিকার পাতায় পড়ার স্বাদ অনলাইন বা টিভিতে পাওয়া যাবে কি না, এ ব্যাপারে শাহরিয়ার বলেন, কার্টুন থেকে সিরিজে রূপান্তর হওয়ার কারণে এর ভেতরে প্রচুর কার্টুনিস্টিক মজা পাওয়া যাবে। কার্টুনের স্বাদ রাখার জন্য অরিজিনাল কার্টুনের অনেক কৌতুক এখানে দেওয়া হচ্ছে। কার্টুন স্ট্রিপের অনেক কৌতুককে এখানে মজা করে দেখানোর সুযোগ হয়েছে।
ধারাবাহিকটির প্রতি পর্বের দৈর্ঘ্য হবে ১০ থেকে ১৫ মিনিট। আগামী মে মাস থেকেই পর্দায় দেখা যেতে পারে ধারাবাহিকটি।
উল্লেখ্য, বেসিক আলী প্রথম প্রকাশ হয় ২০০৬ সালের ১ নভেম্বর। প্রথম আলোয় প্রকাশের পাশাপাশি এখন পর্যন্ত বেসিক আলীর নয়টি বই প্রকাশিত হয়েছে!