অ্যাকশন ছবি থেকে সালমানের অবসর!
দীর্ঘদিন ধরে ট্রাইজেমিনাল নিউর্যালজিয়া রোগে ভুগছেন সালমান খান। এই স্নায়ু সমস্যার কারণে ঝুঁকিপূর্ণ মারপিটের দৃশ্যে অংশ নিতে তাঁকে বারণ করেছেন চিকিৎসকেরা। এত দিন কারও কথা আমলে না নিলেও সম্প্রতি অ্যাকশন ঘরানার ছবি থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন এই ‘দাবাং’ তারকা।ট্রাইজেমিনাল নিউর্যালজিয়া রোগের কারণে চোয়ালের তীব্র ব্যথা থেকে পরিত্রাণ পেতে যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিয়েছিলেন সালমান। কিন্তু পুরোপুরি মুক্তি মেলেনি। সম্প্রতি মুক্তি পাওয়া ‘এক থা টাইগার’ ছবির শুটিংয়ের সময় এই রোগ ভুগিয়েছে তাঁকে। ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করতে তাঁকে নিষেধ করেছিলেন চিকিৎসকেরা। কিন্তু সেসব নিষেধ ‘থোড়াই কেয়ার’ করে ঝুঁকিপূর্ণ দৃশ্যে অংশ নিয়ে পেশাদারি মনোভাবের পরিচয় দিয়েছেন সালমান। তবে এবারে সম্ভবত তিনি নিজের শরীরের যত্ন নিতে চাইছেন। আর তাই অ্যাকশন ছবি থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।ইতিমধ্যেই অ্যাকশনধর্মী ‘শের খান’ ছবিটিকে রোমান্টিক ছবিতে রূপান্তরের জন্য ভাই সোহেল খানকে অনুরোধ করেছেন সালমান। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, রবিন হুড ও সুপারম্যান চরিত্রগুলো থেকে অনুপ্রাণিত হয়ে ‘শের খান’ ছবিতে সালমানের চরিত্রটি তৈরি করা হয়েছিল। তবে এবারে ওই চরিত্রটিতে ব্যাপক পরিবর্তন আনতে হবে। কারণ পালটে গেছে ছবিটির ধরন। অ্যাকশন ছবির পরিবর্তে এবার তা পুরোদস্তুর প্রেমের ছবি হয়ে উঠতে যাচ্ছে। ছবিটিতে অসম্ভব সুন্দরী দুই তরুণীর সঙ্গে প্রেম করতে দেখা যাবে সালমানকে।‘শের খান’ ছবিতে সালমানের সঙ্গে অভিনয় করবেন কিং ফিশার মডেল এঞ্জেলা জনসন। ছবির আরেকজন অভিনেত্রী এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। এ প্রসঙ্গে সূত্রটি জানিয়েছে, মডেলিংয়ের সঙ্গে যুক্ত এমন কাউকেই খুঁজছেন সোহেল খান। এই চরিত্রে অভিনয়ে আগ্রহীদের আকর্ষণীয় হওয়ার পাশাপাশি স্টান্ট করার সামর্থ্যও থাকতে হবে।