অ্যাকশন বলে অ্যাকশন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পাইডারম্যান, সুপারম্যান আর ব্যাটম্যানরা ভালোই খেল দেখাল। কিন্তু এবার হবে আসল খেল। যে খেলা খেলার সাধ্য নেই এসব পুঁচকে কমিক-হিরোর! এই খেলা তো আর কমিক পৃথিবীর কল্পিত দুনিয়ায় হবে না। এই খেলা হবে সত্যিকারের পৃথিবীতে। আর তাই দরকার আসল হিরোদের। পেশিবহুল, একাই এক ঘুষিতে দু-দশ গন্ডা ছেঁচড়া ভিলেনকে পিটিয়ে ছাতু বানিয়ে দিতে পারেন, সেসব হিরো এবার আসছেন। নামগুলো শুনুন: সিলভেস্টার স্ট্যালন, ভ্যান ড্যাম, আরনল্ড শোয়ার্জেনেগার, ব্রুস উইলিস, জেট লি...প্রত্যেকের নামের শেষে একটি করে ‘কমা’ নয়; দরকার ‘বিস্ময় চিহ্ন!’ আর আছেন চাক নরিস, যাঁর নামের শেষে বিস্ময় চিহ্ন আসলে বসানোর কিছু নেই। কারণ, নরিস নিজেই বিস্ময় বোঝাতে বিস্ময় চিহ্নের পরে বসেন!স্ট্যালন-শোয়ার্জেনেগাররা আশির শেষাশেষি, এরপর নব্বইয়ের দশকে অ্যাকশন হিরো দিয়ে মন জয় করে নিয়েছেন। তখন অ্যাকশন ছবি এমন মুড়কি-মোওয়া ছিল না। কম্পিউটারের কারিকুরিও যে ছিল না। এখন তো একটা তালপাতার সেপাইকেও মারদাঙ্গা দৃশ্যে দুদ্দাড় ফাটিয়ে দিতে দেখা যায়। তখন বিপজ্জনক সব দৃশ্যে অভিনয় করতে হতো অ্যাকশন হিরোদের। ডামিদের স্ট্যান্ট থাকার পরও জীবনের ঝুঁকি শোয়ার্জেনেগারদের ওপর কম যায়নি।এখন সব কম্পিউটারের খেল। কিন্তু এখনো এমন অনেকে আছেন, যাঁদের কাছে সেই আশি-নব্বইয়ের দশকের হিরোরাই অ্যাকশনের শেষ কথা। তাঁদের জন্যই দুই বছর আগে স্ট্যালন নিয়ে এসেছিলেন দি এক্সপেনডেবলস। স্ট্যালন ‘নিয়ে এসেছিলেন’ কথাটা জোর দিয়েই বলতে হয়। অভিনয় তো করেছেনই। চিত্রনাট্য লিখেছেন। সবচেয়ে বড় কথা, পরিচালনা ছিল তাঁরই। একদল ভাড়াটে সেনা বিশেষ মিশন নিয়ে গিয়েছিল লাতিন আমেরিকায়। সেখানকার এক স্বৈরশাসকের পতন ঘটাতে, যে স্বৈরশাসক পথভ্রষ্ট এক সাবেক সিআইএ হর্তাকর্তার রিমোটে পরিচালিত। পুরোনো অ্যাকশন হিরোদের সঙ্গে সেই ছবিতে তারকার পাল্লা ভারী করেছিলেন জোনাথন স্ট্যাথাম, স্টিভ অস্টিনের মতো বর্তমান তারকারাও। সেই ছবিরই ক্রম-গল্প দি এক্সপেনডেবলস টু। মুক্তি পাচ্ছে আগামীকাল। ‘ক্লাসিক’ অ্যাকশনপ্রেমীরা নড়েচড়ে বসুন! স্ট্যালন এবার পরিচালনায় নেই। এটা মন খারাপের চেয়ে মন ভালো করে দেওয়ার মতোই খবর। ক্যামেরার পেছনে আর মাথা ঘামাতে হচ্ছে না। নির্দ্বিধায় এবার ভিলেন নিধনে মনোযোগ দিতে পারেন! বার্নি রসের নেতৃত্বে আবার প্রস্তুত সবাই, নতুন মিশনের জন্য। বদলা নেওয়ার জন্য। প্রথম ছবির সাফল্যের পর এবার বাজেটও বাড়িয়ে দেওয়া হয়েছে অনেক। পাক্কা ১০০ মিলিয়ন ডলারে বানানো হয়েছে দি এক্সপেনডেবলস টু। সাফল্যের কারণ কী? ৩০-৩৫ বছর আগের অ্যাকশন এখনো কেন টানছে? কারণ, এক্সপেনডেবলস শুধু দর্শকদের নস্টালজিয়ায় আক্রান্ত করানোর জন্য বানানো হয়নি। বরং এর ‘টার্গেট-অডিয়েন্স’ তরুণেরাই। অতিমানবীয় ক্ষমতাসম্পন্ন কমিক সুপারহিরোদের চেয়ে রক্ত-মাংসের নায়কেরাও যে কম যায় না, সেটাই প্রমাণ করে দেওয়ার পণ করেছিলেন স্ট্যালন। বেশির ভাগেরই অনেক বয়স হয়েছে। বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু মনে-প্রাণে তাঁরা যে এখনো কতটা তরুণ, তারই সপ্রমাণ দলিল এই ছবি। ছবিটি করতে গিয়ে সবাই দারুণ উপভোগ করেছেন বলেই জানালেন স্ট্যালন, ‘একদল শয়তান বেশ ভালো সময় কাটিয়েছে। এর ওপর পেছনে লেগে থেকে। আমরা সবাই চেষ্টা করে গেছি, আমরা যে যে কারণে পরিচিত, সেই সত্তাটি ভালোমতো তুলে ধরতে। আমাদের প্রত্যেকের নির্দিষ্ট ধরনের কিছু সংলাপ আছে। নির্দিষ্ট ধরনের তাকানোর ভঙ্গি আছে। নির্দিষ্ট কিছু ব্যাপার আছে, আমরা যেগুলোর জন্যই আসলে বিখ্যাত।’দি এক্সপেনডেবলস টুতে ভিলেনের ভূমিকায় অভিনয় করছেন ভ্যান ড্যাম। চরিত্রটির নামও ভিলেন। তিনি বলছেন, ‘আমরা পুরোনো কায়দাতেই ছবিটি বানিয়েছি, কম্পিউটারের স্পেশাল ইফেক্টের বদলে সত্যিকারের মারপিটের দৃশ্য। আমার মনে হয়, মানুষ এটাই দেখতে চায়।’অ্যাকশন বলে অ্যাকশন। প্রতি ফ্রেমেই নাকি ঠিকরে পড়বে অ্যাকশনের রোমাঞ্চ। শুধু একটাই সতর্ক বার্তা: দুর্বল হূৎপিণ্ডের লোকদের এ ছবি না দেখাই ভালো! রাজীব হাসানহলিউড রিপোর্টার অবলম্বনে