অ্যাকশন হিরো অমিতাভ
বলিউডে ছবির বাজেটের অঙ্কে যেকোনো ছবিকে টেক্কা দিতে পারে আজ বুধবার শুরু হওয়া ‘পাওয়ার’। প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা ও পরিচালক রাজ কুমার সন্তোষী আজ মুম্বাইয়ের জে ডব্লিউ মেরিয়ট হোটেলে শুরু করলেন পাওয়ার। মেগা বাজেটের মূল কারণ, ছবিতে থাকছেন এক ঝাঁক তারকা। অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত, অনিল কাপুর ও অজয় দেবগন তো আছেই; এ ছাড়া থাকছেন বড় মাপের বেশ কয়েকজন অভিনেত্রী। তবে এঁদের মধ্যে নায়িকাদের নাম এখনো ঘোষণা করেননি প্রযোজক ও পরিচালক দুজনের কেউই। ছবিটি হবে পুরোপুরি অ্যাকশন ও থ্রিলার ধর্মী। জানা গেছে, অমিতাভ বচ্চন আবার ফিরে আসছেন ‘দিওয়ার’ ও ‘জঞ্জির’ ছবির সেই অ্যাকশন হিরো হিসেবে। অমিতাভকে সাহায্য করতে এরই মধ্যে বিশ্বখ্যাত স্টান্ট মাস্টাররা বলিউডে আসছেন। ছবিটি হিন্দিতে তৈরি হলেও বিশ্বজুড়ে মুক্তি দেওয়া হবে। বলা হচ্ছে, সে জন্যই ছবির নাম রাখা হয়েছে পাওয়ার। মেগা বাজেট হলেও ঠিক কত টাকার বাজেট, তা খোলাসা করেননি প্রযোজক ও পরিচালক দুজনেই। এমনও আশা করা হচ্ছে, এ পর্যন্ত বলিউডে যত ছবি তৈরি হয়েছে, রুপির অঙ্কে সবগুলোকেই ছাড়িয়ে যেতে পারে ‘পাওয়ার’।