
ফ্লাইট ছবির গল্পটা মনে আছে? সেই যে খ্যাপা এক পাইলট। জীবন যাপনেও বেখাপ্পা। উড়াল জাহাজের ককপিটে চড়ে বসার আগে মদের বোতলে একটা চুমুক যার না দিলে চলেই না। সেই পাইলটটি অসামান্য দক্ষতায়, হয়তো একটু অদ্ভুতভাবেই বাঁচিয়ে দিয়েছিল বিকল হয়ে পড়া একটা বিমানের যাত্রীদের প্রাণ।
কিন্তু সেই পাইলটকে মুখোমুখি হতে হয়েছিল তদন্তের, বিচারের। যে বিচারে মদ খেয়ে বিমান চালানোর অপরাধ থেকে আইনি মারপ্যাঁচে তাকে যখন প্রায় মুক্ত করে ফেলেছিল আইনজীবী, সেই সময় সে নিজেই সবাইকে চমকে দিয়ে স্বীকার করে বসে, ‘হ্যাঁ, আমি মদ খেয়েই বিমানটি চালিয়েছিলাম। এটা আমার ঠিক হয়নি।’
রুপালি পর্দার সেই পাইলটটির সঙ্গে নিজের খুব একটা পার্থক্য খুঁজে পান না ডেনজেল ওয়াশিংটন। হলিউডে চার দশকের ক্যারিয়ার। সেই ১৯৭৪ সালে মুক্তি পেয়েছিল প্রথম ছবি ডেথ উইশ। দুটি অস্কার আর দুটি গোল্ডেন গ্লোব ঝুলিতে পোরা ওয়াশিংটন এখনো নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকতে চান। আর চান বলেই হয়তো ভক্তদের কাছে এই একটা বার্তাও পৌঁছে দিতে চান—‘চিকিৎসক, প্রকৌশলী, অভিনেতা, গায়ক...জীবনে যা কিছুই হও না কেন, হও ভালো কিছু।’ উঠতি অভিনেতারা যখন তাঁর কাছে পরামর্শ চাইতে আসেন, ওয়াশিংটন বলেন, ‘চলচ্চিত্র তারকা হয়ো না, ভালো কিছুই হও।’
ব্র্যাড পিট, টম হ্যাংকস, টম ক্রুজদের মতো মহাতারকা তাঁর কখনোই হয়ে ওঠা হয়নি। কিন্তু এ নিয়ে সর্ষেদানার মতো সামান্য আক্ষেপটুকু তাঁর নেই। কারণ, অভিনয়জীবনের প্রথম দিন থেকে একটা বিষয়ে তিনি পরিষ্কার ছিলেন, তিনি তারকা হতে আসেননি। এসেছেন অভিনেতা হতে। ভালো একজন অভিনেতা।

আর তাই এত এত সফল ছবি উপহার দিয়েও নিজের সম্পর্কে অবলীলায় ওয়াশিংটন বলতে পারেন, ‘নিজেকে আমি একজন চলচ্চিত্র তারকা মনে করি না। বাকিরাই এটা আমার সম্পর্কে বলে। আমি স্রেফ একজন অভিনেতা। আমি শুধু চেষ্টা করি, যে কাজটি করছি, ভালোভাবে যেন করতে পারি। একদিন বাকিরাই বলবে, তুমি একজন অভিনেতা ছিলে বটে!’
ওয়াশিংটন মানে হয়তো বক্স অফিসে ঝড় তোলা কেউ নন। কিন্তু বক্স অফিসে ধারাবাহিকতার সমার্থকও ওয়াশিংটন। ওয়াশিংটন মানে নিশ্চিত সাফল্য। এর মধ্যে আছে ড্রামা ধাঁচের ফ্লাইট, রিমেম্বার দ্য টাইটানস; আছে ক্রাইম থ্রিলার আমেরিকান গ্যাংস্টার; ধুন্ধুমার অ্যাকশনের দে জা ভ্যু কিংবা ম্যান অন ফায়ার।
মহাতারকাদের সঙ্গে তাঁর পার্থক্য, তিনি কখনোই বিশাল হিটের ছবি হয়তো উপহার দেন না, ছবিগুলো বক্স অফিসের রেকর্ড ভাঙার ইঁদুর দৌড়েও শামিল হয় না। কিন্তু পিট-ক্রুজরা যেখানে একটি মেগাহিটের ঘাড়ে আরও এক গণ্ডা ফ্লপ চাপিয়ে দেন, ওয়াশিংটন সেখানে আশ্চর্য রকমের ধারাবাহিক। খুব অল্প বাজেটের ছবি করেন। তা দিয়েই সাফল্য-বিড়ালটাকে পোষ মানিয়ে ফেলেছেন। হলিউডের প্রযোজকদের কাছে ডেনজেল তাই একজন ‘অ্যাঞ্জেল’, দেবদূত!
যে সময়ে নিকোলাস কেজ, জন ট্রাভোল্টার মতো অ্যাকশন হিরোরা বয়সের কাছে হার মেনে ধার হারাচ্ছেন, সেই সময়েও পরিচালক অ্যান্টোইন ফুকুয়াও নিশ্চিন্তে আস্থা রেখেছেন ষাটের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা ওয়াশিংটনের ওপর। ২০০১ সালে তাঁর নির্দেশনাতেই ট্রেনিং ডেতে অভিনয় করে অস্কার জিতেছিলেন ওয়াশিংটন। ১৩ বছর পরে এসেও ফুকুয়ার আস্থার জায়গাটি এতটুকু কমেনি। এই জুটির নতুন ছবি দ্য ইকুয়ালাইজার মুক্তি পাচ্ছে কাল শুক্রবার।
ওয়াশিংটনের দর্শনে স্বপ্ন আর লক্ষ্য সমান গুরুত্ব পায়। লক্ষ্যহীন স্বপ্নের কোনো মূল্য নেই। স্বপ্নহীন লক্ষ্যও মূল্যহীন। ‘যদি লক্ষ্য না থাকে, স্বপ্ন স্বপ্নই থেকে যায়। যেটা শেষ পর্যন্ত হতাশার আগুনে ঘি ঢালে। তাই আপনার জীবনে লক্ষ্য থাকতে হবে। প্রতিদিনের লক্ষ্য, প্রতি সপ্তাহের লক্ষ্য, মাসের, প্রতিবছরের লক্ষ্য।’ বলেছেন তিনি। বলেছেন, ‘নিজের স্বপ্নে অটল থাকো, সৎ থাকো। চলচ্চিত্র তারকা হয়ে ওঠার চেষ্টা কোরো না। বিখ্যাত হওয়াটা আসল কথা নয়, আসল ব্যাপারটা হলো ভালো কিছু হওয়া।’
নতুনদের প্রতি তাঁর এই নির্দেশনা তিনি নিজেও নিজেকে দেন। আর তাই চার দশক পেরিয়ে এসেও ডেনজেল হয়তো মহাতারকা হননি, কিন্তু এতগুলো বছরেও এতটুকু কদরও তাঁর কমেনি। এ কারণেই তিনি সবার থেকে আলাদা!
বিবিসি অবলম্বনে