অ্যাঞ্জেলিনা জোলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থিয়েটার, সিনেমা আর বিশ্বখ্যাত তারকাদের হরহামেশা উপস্থিতির জন্য লন্ডনের লেস্টার স্কয়ারের আবেদন বিশ্বজোড়া। লন্ডনে এলে যে কেউ একবার এ দিকটায় ঢুঁ মারেন।১৬ আগস্ট দুপুরে এম্পায়ার সিনেমা হলের সামনে এক ভিন্ন চিত্র—বহু মানুষের জটলা। সাদাকালো হরফে ‘সল্ট’ নামাঙ্কিত রাস্তার পাশে চাদর বিছিয়ে কেউ কেউ দিচ্ছেন ম্যারাথন ঘুম! স্কুল পালিয়ে সকালবেলায় বার্মিংহাম থেকে বন্ধুদের নিয়ে ছুটে এসেছে লিন্ডি। স্যান্ডউইচ আর কোক দিয়ে সারছে তাদের মধ্যাহ্নভোজন। পূর্বঘোষণা অনুযায়ী, আরও ছয় ঘণ্টা পর লাল গালিচায় পা রাখবেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি, তাঁর সদ্য মুক্তি পাওয়া অ্যাকশন মুভি সল্ট-এর ইউরোপ গালা প্রিমিয়ারে।‘মা-বাবাকে বললে আসতে মানা করতেন। কিন্তু আমরা তো অ্যাঞ্জিকে খুব ভালোবাসি। আর ও তো হররোজ লন্ডনে আসবে না! আমরা অপেক্ষার প্রহর গুনছি।’ এভাবেই অভিব্যক্তি প্রকাশ করল লিন্ডি ও তার বন্ধুরা। বিশ্বখ্যাত তারকার একটি অটোগ্রাফ যদি ভক্ত হিসেবে আপনার হাতে না থাকে, তাহলে কি হয়? প্রিয় তারকার একটি অটোগ্রাফ পাওয়া নিশ্চিত করার কায়দা দেখা গেল মূল মঞ্চের প্রায় ৪০০ গজ দূরে দাঁড়ানো লিয়েনা ফিলিপসের প্লাকার্ডে ‘অ্যাঞ্জেলিনা, উইল ইউ অ্যাডপ মি, প্লিজ! ইফ নট অ্যান অটোগ্রাফ, উইল ডু থ্যাংস!’ যার বাংলা অর্থ দাঁড়ায়—জোলি, আপনি কি আমাকে দত্তক নেবেন, না নিলে একটি অটোগ্রাফ দিয়ে ধন্য করবেন। লিয়েনার সোজাসাপ্টা উত্তর, ‘অ্যাঞ্জির একটি অটোগ্রাফ আমার চাই-ই চাই! ও আসবে জেনে ছুটি না কাটিয়ে স্পেন থেকে চলে এসেছি।’ছয়টা বেজে গেল। জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছে সল্ট ছবির ট্রেলার। ভক্তদের মধ্যে তাঁকে নিয়ে চলছে নানা কথাবার্তা—শরীরে কেন এত উল্কি আঁকিয়েছেন জোলি, কোন উল্কিটা কোন সময়কার, জোলি তো আর একা আসবেন না, সঙ্গে আসবেন তাঁর সঙ্গী-তারকা ব্র্যাড পিট। মোদ্দাকথা, শুধুই অ্যাঞ্জেলিনা জোলি-বৃত্তান্ত। আর মাঝেমধ্যে ‘অ্যাঞ্জি’ বলে আকাশ কাঁপানো চিৎকার, এই বুঝি জোলি চলে এলেন।ঠিক ছয়টা ৪৫ মিনিটে কালো রঙের গাড়ি থেকে ঝলমলে বাদামি আমনডা ইউকলির ড্রেস পরে পা রাখলেন ইভল্যান সল্ট অ্যাঞ্জেলিনা জোলি। সঙ্গে তাঁর দুই বছরের যমজ সন্তান নক্স ও ভিভিয়েন।ক্যামেরার ফ্ল্যাশের তুমুল ঝলকানি আর ভক্তদের চিৎকার-চেঁচামেচির মধ্যে রক্ষীদের সঙ্গে নিয়ে অটোগ্রাফ দিয়ে চললেন জোলি। ছোট বাচ্চাদের টেনে কোলে তুলছেন। হুইলচেয়ারে বসা তাঁর ভক্ত প্রতিবন্ধীকে জড়িয়ে ধরছেন পরম মমতায়। হেঁটে হেঁটেই দিচ্ছেন টেলিভিশনের সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর।জোলি অভিনীত অ্যাকশন ছবি টম্ব রাইডার আর সল্ট-এর মধ্যে পার্থক্য কি বিশেষ কিছু? লারা ক্রফটের এ প্রশ্নের জবাবে জোলি বললেন, ‘আগের অ্যাকশন ছবিগুলো আমি যে আমেজ নিয়ে করেছি, এ ক্ষেত্রে সল্ট সম্পূর্ণ ব্যতিক্রম। সল্ট ছবির পটভূমি বাস্তবতার আদলে; অনেক ভেবেচিন্তে নিজেকে মানিয়ে নিতে হয়েছে। আর আমার ছবির বাকি কুশলীরা দীর্ঘদিনের সহকর্মী, তাঁদের পূর্ণাঙ্গ সহযোগিতা সল্ট ছবিতে মনোনিবেশ করতে খুব সাহায্য করেছে।মুক্তি পাওয়ার পরই টপচার্টের শীর্ষে সল্ট; বোদ্ধা মহলে জোলির অভিনয়ের জয়জয়কার। শিগগিরই কি শুরু হচ্ছে সল্ট ছবির সিক্যুয়ালের প্রস্তুতি? এ প্রসঙ্গে জোলি বলেন, ‘আমি বিভিন্ন চরিত্রে নিজেকে ভিন্নভাবে উপস্থাপনে আগ্রহী। সিক্যুয়াল করার সুযোগ পেলে অবশ্যই খুশি হব। মূল কথা হচ্ছে, দর্শক যদি চরিত্রটিকে ভালোবাসেন, তবে কেন নয়।’ এদিকে ভক্তদের অভিযোগের পরিপ্রেক্ষিতে জোলি বললেন, ‘আমার ও ব্র্যাড পিটের একসঙ্গেই আসার কথা ছিল। আমরা লন্ডনে থাকতে খুব পছন্দ করি। পিট ব্যস্ত ওর নতুন ছবি মানিবল-এর শুটিং আর বাচ্চাদের দেখাশোনায়।’কলাম্বিয়া পিকচার্সের অ্যাকশন থ্রিলার ছবি সল্ট ২০ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় ইউরোপের দর্শকদের জন্য। সল্ট ছবির গালা প্রিমিয়ারে আরও যোগ দিয়েছেন, এক্সফ্যাক্টর-খ্যাত তারকা ম্যাকআলড্রে, লিওনা লুইস, অলিম্পিক সোনাজয়ী তারকা-সাঁতারু রেবেকা এডলিংটন, ক্যারি ক্যাটনা প্রমুখ।এদিকে প্রকাশের দুই সপ্তাহের মধ্যে নিউইয়র্ক টাইমস-এর বেস্ট সেলার তালিকায় দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে অ্যাঞ্জেলিনা জোলির অননুমোদিত আত্মজীবনী। অ্যান্ড্রু মরটন প্রণীত এই আত্মজীবনীতে জোলিকে উচ্ছৃঙ্খল ও বদমেজাজি স্বভাবের বলে অভিযুক্ত করা হয়। তাঁর সীমাহীন উচ্ছৃঙ্খলতার কারণে ছোটবেলায় তাঁর মা তাঁকে ফেলে চলে গিয়েছিলেন। মার্কিন মুলুকে বইটি আলোড়ন তুললেও যুক্তরাজ্যে এর বেচাকেনা হচ্ছে না আইনি জটিলতার কারণে।বইটি সম্পর্কে অ্যাঞ্জেলিনা জোলি কোনো মন্তব্য করেননি। তিনি সোজা চলে যান মূল মঞ্চে। শুধু এটুকুই বলেন, ‘সল্ট তোমাদের ছবি। আমি তোমাদের জোলি। তোমাদের জন্যই অ্যাঞ্জেলিনা জোলি।’