অ্যাটকিনসন আর ‘মিস্টার বিন’ হবেন না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুমুল জনপ্রিয় ‘মিস্টার বিন’ চরিত্রে আর কখনোই অভিনয় করবেন না ব্রিটিশ কৌতুকশিল্পী ও অভিনেতা রোয়ান অ্যাটকিনসন। এখন থেকে ভাবগম্ভীর চরিত্রের অভিনয়েই মনোযোগী হবেন বলে জানিয়েছেন ‘মিস্টার বিন’খ্যাত এ অভিনেতা। ব্রিটিশ টিভি সিরিজ ‘মিস্টার বিন’-এর প্রচার শুরু হয়েছিল ১৯৯০ সালে; চলে টানা পাঁচ বছর। টিভি সিরিজটি রচনার পাশাপাশি এতে ‘মিস্টার বিন’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান অ্যাটকিনসন। এই সিরিজের সাফল্যের ধারাবাহিকতায় ১৯৯৭ সালে ‘বিন: দ্য আলটিমেট ডিজাস্টার মুভি’ এবং ২০০৭ সালে ‘মিস্টার বিন’স হলিডে’ চলচ্চিত্র দুটি মুক্তি পায়। এ ছাড়া যুক্তরাজ্যের ‘আইটিভি ওয়ান’ চ্যানেলে ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রচারিত হয় ‘মিস্টার বিন’ কার্টুন। মিস্টার বিন চরিত্রে আর অভিনয় না করার নেপথ্য কারণ সম্পর্কে ৫৭ বছর বয়সী অ্যাটকিনসন বলেন, ‘একটা বয়সে এসে শরীরের ক্ষমতা কমে আসতে থাকে। এটাই বাস্তবতা। এ ছাড়া পঞ্চাশের কোটা পেরিয়ে যাওয়া একজন মানুষকে শিশুসুলভ আচরণ করতে দেখার বিষয়টি খুব একটা সুখকর নয়।’ এক খবরে এমনটিই জানিয়েছে যুক্তরাজ্যের ডেইলি স্টার অনলাইন। অ্যাটকিনসন আরও বলেন, ‘জনপ্রিয়তার পাশাপাশি সবচেয়ে বেশি ব্যবসায়িক সাফল্য আমাকে এনে দিয়েছে মিস্টার বিন চরিত্রটি। চরিত্রটি প্রাণবন্ত করে তোলার জন্য শিশুসুলভ নানা অদ্ভুত ভঙ্গিমায় ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছে আমাকে। কিন্তু প্রতিনিয়তই আমি অনুভব করছি, শরীরের ক্ষমতা কমে আসছে আমার। মূলত, এ কারণেই মিস্টার বিন চরিত্রকে বিদায় জানানোর মতো কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে আমাকে।’