অ্যাথেনায় আন্তর্জাতিক মিনিয়েচার আর্ট প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রদর্শনীর একটি চিত্র
প্রদর্শনীর একটি চিত্র

শিল্পকলার একটি গুরুত্বপূর্ণ শাখা মিনিয়েচার আর্ট। এ শাখার চিত্রকর্ম আয়তনে ছোট কিন্তু তাতে রয়েছে ঐতিহ্যের ছোঁয়া। একটা সময় চিত্রশিল্পের এ শাখাটির চর্চা কমে গেলেও পুরোপুরি তা নির্বাসনে যায়নি। মিনিয়েচার আর্টের অতীত ঐতিহ্য পুনরুজ্জীবিত করার লক্ষ্যে দেশ-বিদেশের নবীন ও প্রবীণ শিল্পীদের অংশগ্রহণে ‘অ্যাথেনা গ্যালারি অব ফাইন আর্টস’-এর আয়োজনে চলছে ৫ম টোন আন্তর্জাতিক মিনিয়েচার আর্ট প্রদর্শনী ও প্রতিযোগিতা।

অ্যাথেনা গ্যালারি অব ফাইন আর্টস-এর কর্মকর্তা কেয়া রানী দে প্রথম আলোকে জানিয়েছেন, সর্বমোট ২৭টি দেশের ৩২৫ জন শিল্পী এ প্রদর্শনীতে অংশগ্রহণ করছেন। দেশগুলো হচ্ছে— ফিনল্যান্ড, ইন্দোনেশিয়া, পোল্যান্ড, ভারত, স্পেন, নেপাল, নেদারল্যান্ডস, কাতার, আমেরিকা, মিয়ানমার, ইংল্যান্ড, কানাডা, সাইপ্রাস, সার্বিয়া, ইতালি, সাউথ আফ্রিকা, লেবানন, সিঙ্গাপুর, চীন, হংকং, আয়ারল্যান্ড, স্লোভাকিয়া, আর্মেনিয়া, ডেনমার্ক, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ।

কেয়া রানী দে দাবি করেন, বেসরকারি উদ্যোগে বাংলাদেশে একমাত্র আন্তর্জাতিক শিল্পকলা প্রতিযোগিতার আয়োজন করছে টোন আর্ট সোসাইটি। তিনি এও জানান, অতিথিশিল্পী হিসেবে আবদুস বাসেত, মুস্তাফা মনোয়ার, রফিকুন নবী, সমরজিৎ রায় চৌধুরী, হামিদুজ্জামান খান, শাকুর শাহ, নাসরিন বেগম, আইভী জামান, কনক চাঁপা চাকমা সহ প্রমুখ অংশ নিয়েছেন।

কেয়া রানী দে বলেন, অনুষ্ঠানে ৬ জন বিশেষ শিল্পীকে টোন পুরস্কারে ভূষিত করা হয়। প্রদর্শনীটি শেষ হবে ২৮ নভেম্বর।

প্রদর্শনীর একটি চিত্র
প্রদর্শনীর একটি চিত্র



১৩ নভেম্বর ধানমন্ডির গ্যালারি চিত্রকে প্রথম এবং ১৪ নভেম্বর অ্যাথেনা গ্যালারিতে দ্বিতীয় পর্বের প্রদর্শনীর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। প্রথম পর্বের প্রদর্শনী শেষ হবে ৩০ নভেম্বর।

মিনিয়েচার প্রদর্শনীটি উৎসর্গ করা হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনকে এবং জয়নুলের আঁকা একটি ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে।

প্রসঙ্গত, আমাদের এই অঞ্চলের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে মিনিয়েচার আর্ট। সেই পাল যুগ থেকে শুরু করে মুঘল সম্রাট আকবরের আমল পর্যন্ত এই শিল্পের ব্যাপক চর্চা হয়েছে। তবে বর্তমানে শিল্পকলার এ মাধ্যমটির তেমন একটা চর্চা হচ্ছে না। বড় ক্যানভাসের ছবি নিয়ে অসংখ্য প্রদর্শনী হলেও ছোট ক্যানভাসের ছবি নিয়ে সেভাবে প্রদর্শনী হয় না। ফলে শিল্পীর তুলির আঁচড়ের দারুণ দক্ষতার সাক্ষ্যবহ মিনিয়েচার আর্ট যেন হারিয়ে যাচ্ছে।