অ্যাথেনায় প্রকৃতি ও জীবনের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যালারি অ্যাথেনায় গুলশান হোসেনের চিত্র প্রদর্শনী ঘুরে দেখছেন একজন  অতিথি l ছবি: প্রথম আলো
গ্যালারি অ্যাথেনায় গুলশান হোসেনের চিত্র প্রদর্শনী ঘুরে দেখছেন একজন অতিথি l ছবি: প্রথম আলো

তেলরং, অ্যাক্রিলিক আর মিশ্র মাধ্যমে প্রকৃতির ছবি এঁকেছেন শিল্পী গুলশান হোসেন। অ্যাথেনা গ্যালারি অব ফাইন আর্টসে সেগুলো নিয়ে শুরু হয়েছে ‘প্রকৃতি ও জীবনের প্রতিফলন’ শীর্ষক প্রদর্শনী। আন্তর্জাতিক খ্যাতিমান শিল্পী গুলশান হোসেনের এটি ১৭তম একক
চিত্র প্রদর্শনী।
শিল্পী গুলশান হোসেনের চিত্রকলায় এসেছে প্রকৃতি ও আবহমান বাঙালির কথা। শিল্পীর উচ্ছ্বাস, অভিব্যক্তি, শুদ্ধতা, বেদনা, স্মৃতি আর একাকিত্ব এসবই যেন শিল্পীর এক ‘প্রকৃতি ও জীবনের প্রতিফলন’। যুক্তরাজ্য, বেলজিয়াম, ভারত ও বাংলাদেশে তাঁর ১৬টি একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া মিসর, যুক্তরাষ্ট্র, জার্মানি, সুইজারল্যান্ড, জাপান, যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া, ইরান, শ্রীলঙ্কা ও বাংলাদেশে অনুষ্ঠিত অসংখ্য যৌথ ও দলীয় প্রদর্শনীতে অংশ নিয়েছেন এই শিল্পী। পেয়েছেন বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা।
গুলশান হোসেন বলেন, ‘আমি শুধু প্রকৃতির ছবিই আঁকি না, সমাজে নারীর ওপরে অ্যাসিড ও ধর্ষণের মতো যে সহিংসতা, সেসবও একজন শিল্পীকে দারুণভাবে নাড়া দেয়। শিল্পীর সামাজিক দায়বদ্ধতা থেকে সেই বিষয়গুলো নিয়েও আমি কাজ করেছি এবং সেসব ছবি নিয়েও প্রদর্শনী হয়েছে।’
১৬ জানুয়ারি বিকেল সাড়ে পাঁচটায় প্রদর্শনী উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিল্পী রফিকুন নবী এবং বিশেষ অতিথি বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন ও ন্যাশনাল সিকিউরিটির চেয়ারম্যান ওয়ালিউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাথেনা গ্যালারি অব ফাইন আর্টসের চেয়ারপারসন নিলু রওশন মোরশেদ।
প্রদর্শনী চলবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রদর্শনী ঘুরে আসা যাবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত।