অ্যানিমেশন করতে মাত্র এক রুপি নিলেন শাহরুখ
‘বলিউড বাদশাহ’খ্যাত শাহরুখ খানের ‘রা.ওয়ান’ ছবি পরিচালনা করেছিলেন অনুভব সিনহা। ছবিটিতে কাজের সুবাদে এই তারকা-নির্মাতা জুটির মধ্যে সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। এবার সেই বন্ধুত্বের প্রতিদান দিলেন ‘কিং খান’। তিনি মাত্র এক রুপির বিনিময়ে অনুভবের নতুন প্রোডাকশন হাউসের অ্যানিমেটেড লোগো বানানোর ব্যবস্থা করে দিয়েছেন।সম্প্রতি প্রোডাকশন হাউস খুলেছেন অনুভব। আর শাহরুখ তাঁর নিজের কোম্পানির মাধ্যমে এর অ্যানিমেটেড লোগো বানিয়ে দিয়েছেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করে অনুভব বলেন, ‘আমার নতুন প্রোডাকশন হাউসের লোগোর জন্য অ্যানিমেশন এবং ভিজুয়াল ইফেক্টসের কাজ করেছে শাহরুখ খানের কোম্পানি।’ জানিয়েছে ‘মিড-ডে’।অনুভব আরও বলেন, ‘লোগো বানিয়ে দেওয়ার বিনিময়ে কত দিতে হবে—আমার মুখে এমন প্রশ্ন শুনে তিনি কাজটি বিনা মূল্যে করবেন না বলেই জানালেন। তিনি এ-ও জানালেন, মাত্র এক রুপির বিনিময়ে কাজটি করে দেবেন। লোগো বানানোর পুরো কাজটি করেছেন শাহরুখের কোম্পানির হ্যারি ও কেতন। লোগোর পেছনের ভাবনা থেকে শুরু করে উপস্থাপনের পুরো প্রক্রিয়াটি আমার চমত্কার লেগেছে।’