অ্যানিমেশন ছবির উঠানে স্টিভ জবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কম্পিউটার স্টিভ জবসকে বিলিয়নিয়ার করেনি, পুতুলেরা করেছিল।’ প্রযুক্তি দুনিয়ার দ্য গ্রেট স্টিভ জবস সম্পর্কে এমনই মূল্যায়ন অনেক বিশেষজ্ঞের। কেন এমন মূল্যায়ন, যেখানে অ্যাপল ইনকরপোরেটেডের মতো ব্র্যান্ডের সঙ্গে জবসের নাম ওতপ্রোতভাবে যুক্ত? উত্তর মেলে টয় স্টোরি নামের অ্যানিমেশন ছবির সাফল্যের ইতিহাসে। দুনিয়ার তাবত অ্যানিমেশন ছবির মধ্যে এ পর্যন্ত এ ছবিই সর্বোচ্চ আয়ের রেকর্ডধারী (ছবিটির তিন পর্ব মিলে বিশ্বব্যাপী আয় প্রায় দুই কোটি ডলারের মতো!), অস্কারজয়ী তো বটেই। আর অনেকেরই জানা, যুক্তরাষ্ট্রের কম্পিউটার অ্যানিমেশন ফিল্ম স্টুডিও পিক্সার টয় স্টোরির কারখানা। অ্যানিমেশন ছবির জগতে নতুন ইতিহাস লেখা এ পিক্সারের কথা উঠলে স্টিভ জবসের নাম বলতেই হয়। কেননা এ পর্যন্ত ২৬টি অস্কারজয়ী পিক্সার নামের প্রতিষ্ঠানটি আজকের পর্যায়ে এসেছে জবসের হাত ধরেই।জবসকে পিক্সারের কিংবা প্রতিষ্ঠানটির তৈরি অ্যানিমেশন ছবির স্বপ্নদ্রষ্টা বললে অত্যুক্তি হয় না। যদিও জবস পিকচারের প্রতিষ্ঠাতা নন। ১৯৮৬ সালে তিনি লুকাস ফিল্মের গ্রাফিকস বিভাগটি কিনেছিলেন ১০ মিলিয়ন ডলারের বিনিময়ে, যার মধ্যে পাঁচ মিলিয়ন ডলার পুঁজি হিসেবে যাত্রা শুরু করেছিল পিক্সার নাম নিয়ে। তার আগে পিক্সার ইমেজ কম্পিউটার নামের প্রতিষ্ঠানটি কেবল কম্পিউটারই তৈরি করত। আর তাদের গ্রাফিকস বিভাগ অর্থাৎ লুকাস ফিল্ম পরিচিত ছিল গ্রাফিকস হার্ডওয়্যার ডেভেলপার হিসেবে। জবস কিনে নেওয়ার আগে ভীষণ মন্দা চলছিল লুকাস ফিল্মের। সে সময় এর অন্যতম অ্যানিমেটর জন ল্যাসেসটার টুকটাক স্বল্পদৈর্ঘ্যের অ্যানিমেশন ছবি বানাতেন। পাশাপাশি নিজেদের বিজ্ঞাপনের জন্য তৈরি করেছিলেন একটা অ্যানিমেশন কার্টুন। যেখানে দেখা যেত, একটা টেবিল ল্যাম্প লাফঝাঁপ দেয়। কষ্ট পেলে মুখ কালো করে, আনন্দে হয় মুখ উজ্জ্বল। ওই কার্টুন দেখার পর জবস বললেন, ‘সাধারণ টেবিল ল্যাম্প নিয়ে এমন একটা কার্টুন বানাতে পারলে পুরো একটা ছবিই কেন বানাতে পারব না আমরা!’ ব্যস, উৎসাহের আতশবাজিতে লাগল আগুন। এরপর কেবল আলোর ফোয়ারা তোলার দিন।একদিকে যেমন অর্থ দিয়ে পিক্সারকে সচ্ছল করলেন জবস; অন্যদিকে তাঁর মেধা ও সুদূরপ্রসারী সৃজনশীল চিন্তাভাবনা নতুন গতি এনে দিল। তার ফল পাওয়া গেল ১৯৯৫ সালে। পিক্সার মুক্তি দিল তাদের প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি টয় স্টোরি (এর প্রযোজক ছিল ওয়াল্ট ডিজনি)। দুনিয়াব্যাপী ছবিটি আয় করল প্রায় ৩৬২ মিলিয়ন ডলার। জিতে নিল অস্কার! জবসের মৃত্যুর পর এক বিবৃতিতে জন ল্যাসেসটার (যিনি এখন পিক্সার এবং ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওর চিফ ক্রিয়েটিভ অফিসার) বললেন, ‘জবস পিক্সারের সম্ভাবনা আঁচ করতে পেরেছিলেন, যা তাঁর আগে কেউ কল্পনাও করেননি। তিনি আমাদের একটা সুযোগ দিয়েছিলেন। বিশ্বাস রেখেছিলেন কম্পিউটার অ্যানিমেশন ছবি নিয়ে আমাদের পাগলামির ওপর। সব সময় একটা কথাই বলতেন—মেক ইট গ্রেট।’এরপর পিক্সার ঠিক তা-ই করতে লাগল। টয় স্টোরির পর মুক্তি দিল দ্য বাগস লাইফ (১৯৯৮), টয় স্টোরি ২ (১৯৯৯), মনস্টারস, ইনক (২০০১) ছবিগুলো। এরপর ২০০৩ সালে ফাইন্ডিং নিমো, দ্য ইনক্রেডিবলস (২০০৪), কারস (২০০৬), র‌্যাটাটাওলি (২০০৭) এবং ওয়াল-ই (২০০৮)। অস্কারজয়ী আপ এল ২০০৯ সালে। ফের তৃতীয়বারের মতো টয় স্টোরি এল ২০১০-এ। এবং এ বছর মুক্তি পাওয়া কারস ২ হলো পিক্সারের সর্বশেষ ছবি। এর মাঝে কারস ২ বাদে আর সব কটি ছবিই সমালোচকদের রায়ে এ প্লাস নম্বরধারী। আর দর্শকদের ভালো লাগার প্রমাণ মেলে পিক্সারের শোকেসের দিকে চোখ বোলালে। সেখানে এখন সাজানো আছে ২৬টি অস্কার পদক, সাতটি গোল্ডেন গ্লোব এবং তিনটি গ্র্যামি অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কার। এবং দুনিয়াব্যাপী পিক্সার এ পর্যন্ত আয় করেছে ৬ দশমিক ৩ বিলিয়ন ডলারের বেশি অর্থ। পিক্সারের সাফল্য এবং প্রতিষ্ঠানটির সঙ্গে নিজের যুক্ততা নিয়ে ২০০৫ সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে বক্তব্য দিচ্ছিলেন জবস। সেখানে তিনি বলেছিলেন ১৯৮৫ সালে অ্যাপল ছেড়ে পিক্সারের সঙ্গে জড়িয়ে পড়ার কথা, ‘এক জায়গায় সফল হয়ে আবার নতুন করে কিছু শুরু করা একধরনের প্রতিস্থাপন। তাতে করে সবকিছু সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা জন্মায়। সেই সময়টা (পিক্সারের) ছিল আমার জীবনের সবচেয়ে সৃজনশীল সময়।’জবস পিক্সারকে আরেক নতুন মাত্রা দিয়েছিলেন ২০০৬ সালে এসে। সে বছর ৭ দশমিক ৪ বিলিয়ন ডলারের বিনিময়ে দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির কাছে প্রতিষ্ঠানটিকে বিক্রি করে দেন তিনি। তাতে করে ডিজনির সবচেয়ে বড় শেয়ারের অংশীদার হন জবস। এবং তাঁকে নির্বাচিত করা হয় ডিজনির বোর্ড অব মেম্বার হিসেবে।অনেকেরই মন্তব্য, ‘পুতুলদেরও দুঃখ-কষ্ট থাকতে পারে, তারাও যে চিন্তা করতে পারে—এমন অলীক কল্পনার দুয়ার খুলে দিয়েছিলেন স্টিভ জবস।’ এটা নিশ্চিত, মানুষ যখন ঘুরেফিরে স্বপ্নের মতো সুন্দর টয় স্টোরি কিংবা আপ ছবিগুলো দেখবে, তখন জবসকে স্মরণ করবে।  মাহফুজ রহমানসূত্র: উইকিপিডিয়া, এবিসি নিউজ এবং এনডিটিভি