অ্যানিমেশনে তারকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুংফু পান্ডা
কুংফু পান্ডা

অ্যানিমেশন চলচ্চিত্রগুলো এখন হলিউডের বড় সম্পদ। এসব ছবি কখনো কখনো মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্রের সঙ্গে পাল্লা দিয়ে ব্যবসা করে। আধুনিক প্রযুক্তির বদৌলতে অ্যানিমেশনের গুণগত মান অনেক বেড়েছে। কুংফু পান্ডা সেরকমই এক উদাহরণ। ছোটদের পাশাপাশি প্রাপ্তবয়স্ক দর্শকেরাও এ রকম চরিত্রগুলোর অভিব্যক্তির বৈচিত্র্য দেখে যারপরনাই মুগ্ধ।
কিন্তু এ রকম ছবির আকর্ষণের একটা বড় কারণ কণ্ঠ দিয়ে নামীদামি তারকাদের অংশগ্রহণ। পর্দায় তাঁরা অনুপস্থিত। কিন্তু তাঁদের গলায় নানান পশুপাখি ও কার্টুন চরিত্রগুলো কথা বলছে। এই নেপথ্য অভিনয়ে কে নেই বলুন? টম হ্যাংকস, মরগান ফ্রিম্যান, ডোয়াইন জনসন, অ্যাঞ্জেলিনা জোলি, জেনিফার অ্যানিস্টন, অ্যালেন ডিজেনেরেস, ব্র্যাডলি কুপার, ভিন ডিজেল, জর্জ ক্লুনি, মেরিল স্ট্রিপ, টিম অ্যালেন, মেল গিবসন, মিরান্ডা রিচার্ডসন, জাস্টিন হফম্যান, জ্যাকি চ্যান, জাস্টিন টিম্বারলেক—সবাই গলা মিলিয়েছেন হরেক অ্যানিমেশন চরিত্রের অভিনয়ের সঙ্গে। আর এসব ছবিতে কাজ করে তাঁদের রোজগারও নেহাত মন্দ নয়। কয়েকটা নমুনা দেখুন: ১৯৯৫ সালে টয় স্টোরি ছবিতে কণ্ঠ দিয়ে টম হ্যাংকস ৫০ হাজার ডলার নিয়েছিলেন। আর ফাইন্ডিং ডোরি ছবিতে কণ্ঠ দিয়ে ২০১৫ সালে এলেন ডিজেনেরেস নাকি সাড়ে সাত কোটি ডলার আয় করেন। ছবির অন্য কণ্ঠদাতারাও বিপুল অর্থ পেয়েছিলেন। তাঁদের মধ্যে এড ওনিল, ডায়ান কিটন, আলবার্ট ব্রুকস প্রমুখের নাম উল্লেখযোগ্য। অ্যাঞ্জেলিনা জোলি ২০১১ সালে কুংফু পান্ডা-থ্রি ছবিতে টাইগ্রেস চরিত্রের কণ্ঠ দিয়ে ১০ লাখ ডলার উপার্জন করেন।
ফাইন্ডিং ডোরি, মোয়ানা, আইস অ্যাজ, সিং, জুটোপিয়া, ফ্রোজেন, দ্য লায়ন কিং, রিও, ট্রোলস, অ্যাংরি বার্ডস প্রভৃতি ছবির নাম উল্লেখ করা যেতে পারে, যেগুলোতে হলিউডের নামীদামি তারকারা কণ্ঠ দিয়েছেন। চলুন, জেনে নিই এমন কয়েকজন তারকা সম্পর্কে। প্রথমে নিকোলাজ কেজের কথাই ধরুন। তিনি ২০০৬ সালে দ্য অ্যান্ট বেলি ছবিতে কণ্ঠ দেন। এই ছবিতে তাঁর সঙ্গী ছিলেন অস্কার বিজয়ী তারকা মেরিল স্ট্রিপ ও জুলিয়া রবার্টস। ২০১৩ সালের দ্য ক্রুডস ছবিতেও কেইজ কণ্ঠ দিয়েছেন, গুহামানব গ্রুগের চরিত্রে।
উডি অ্যালেন ১৯৯৮ সালে অ্যান্টজ ছবিতে একটি বাতিকগ্রস্ত, কৃপণ পোকার চরিত্রে কণ্ঠ-অভিনয় করে শিশুদের দারুণ বিনোদন দিয়েছেন। এ ক্ষেত্রে নাম করা যায় আলবার্ট ব্রুকসের, যিনি ২০০৩ সালের ফাইন্ডিং নিমো চলচ্চিত্রে মার্লিন মাছের ভূমিকায় কণ্ঠ দেন। জর্জ ক্লুনির কথা তো অবশ্যই বলতে হয়। তিনি ২০০৯ সালের ফ্যান্টাস্টিক মিস্টার ফক্স ছবিতে নিজের পুরুষালি কণ্ঠের সদ্ব্যবহার করেন।
১৯৯২ সালে আলাদিন ছবিতে কণ্ঠ দিয়ে দর্শক মাতিয়েছিলেন রবিন উইলিয়ামস। এবার অ্যালেন ডিজেনেরেসের কথায় আসি। কমেডিয়ান হিসেবে তিনি সুপরিচিত। ফাইন্ডিং নিমো ছবিতে তিনি একটি নীল মাছের ভূমিকায় কণ্ঠ দিয়ে সবার মনোযোগ কেড়েছেন। ফাইন্ডিং ডোরিতেও তাঁর কণ্ঠ-চরিত্রটিই সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায়। কণ্ঠ তারকাদের মধ্যে সম্ভবত মরগান ফ্রিম্যানের জায়গা সবার ওপরে। তিনি অ্যানিমেশন চলচ্চিত্র ছাড়াও বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান ও বিজ্ঞাপনে নেপথ্য কণ্ঠ দিয়ে বিপুল আয় করেন। এ ক্ষেত্রে ২০১৪ সালের দ্য লেগো মুভি ছবিটির কথা উল্লেখ করতে হয়।
মোয়ানা ছবিতে পলিনেশিয়ান উপদেবতা ‘মাউয়ি’র কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় রেসলার থেকে অভিনেতা ডোয়াইন জনসন ‘দ্য রক’। কুংফু পান্ডা-থ্রি ছবিতে অ্যানিমেটেড চরিত্রগুলোর জন্য ছবিতে কণ্ঠ দিয়েছেন বড় বড় তারকারা। তাঁদের মধ্যে আছেন জ্যাক ব্ল্যাক, অ্যাঞ্জেলিনা জোলি, ডাস্টিন হফম্যান, লুসি লিউ, জ্যাকি চ্যান, সেথ রজেন, কেট হাডসন প্রমুখ।
মুভিফোন ও টাইমআউট অবলম্বনে