অ্যানিমেশনের জমজমাট আয়োজন
বড় পর্দায়, সিনেমা হলের বিশাল ক্যানভাসে অ্যানিমেশন চলচ্চিত্র দেখা শিশুদের কাছে স্বপ্নের মতোই। সেই স্বপ্নটাকে বাস্তব করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। ৩ নভেম্বর শুরু হওয়া এই উৎসবের চলচ্চিত্র প্রদর্শনী গতকাল শুক্রবার শেষ হয়েছে। আগামীকাল রোববার সেমিনারের মধ্য দিয়ে উৎসব সমাপ্ত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ দ্বিতীয়বারের মতো বড় পরিসরে অ্যানিমেশন সিনেমা নিয়ে পুরো এক সপ্তাহের এক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করল। এবারের উৎসবের নাম দেওয়া হয়েছে ‘ব্লুপ অ্যানিমেশন ফিল্ম ফেস্টিভাল ২০১৪’।
উৎসবে প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত মোট পাঁচটি করে চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। এবারের উৎসবে দেখানো হয়েছে ফ্রোজেন, মেগামাইন্ড, দি অ্যাডভেঞ্চার্স অব টিনটিন, মন্টু মিয়ার অভিযান, র্যাঙ্গো, আপ, হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন-২, গ্রেভ অব দ্য ফায়ারফ্লাই-এর মতো দারুণ সব জনপ্রিয় অ্যানিমেশন চলচ্চিত্র।
আয়োজকেরা জানিয়েছেন, দেশীয় দর্শকদের কাছে অ্যানিমেশন চলচ্চিত্র জনপ্রিয় করতেই এই উৎসব। এর আগে ২০০৫ সালে প্রথমবার এমন উৎসবের আয়োজন করেছিল এই চলচ্চিত্র সংসদই।