অ্যানিস্টন-থেরক্স প্রেমে ভাটা!
ভালো যাচ্ছে না হলিউডের তারকাজুটি জেনিফার অ্যানিস্টন ও জাস্টিন থেরক্সের সম্পর্ক। শোনা যাচ্ছে, এরই মধ্যে অ্যানিস্টনের সঙ্গে প্রেম করতে নাকি হাঁপিয়ে উঠেছেন থেরক্স। একঘেয়েমি কাটাতে ৪৩ বছর বয়সী অ্যানিস্টনের সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়ে সাবেক প্রেমিকা হেইডি বিভেনসের কাছেই ফিরতে চাইছেন ৪০ বছর বয়সী থেরক্স।গত বছরের মে মাসে থেরক্সের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান অ্যানিস্টন। জুলাইয়ে তিনি বেভারলি হিলসের বাড়ি বিক্রি করে দিয়ে লস অ্যাঞ্জেলেসে নতুন বাড়ি কেনেন। চলতি বছরের জানুয়ারিতে প্রেমিক থেরক্সকে নিয়ে সেই বাড়িতেই ওঠেন। কিন্তু নিউইয়র্ক ছেড়ে লস অ্যাঞ্জেলেসে অ্যানিস্টনের বাড়িতে ওঠার বিষয়টিকে এক রকম চাপ বলেই মনে করছেন থেরক্স। এ ছাড়া আরও বিভিন্ন কারণে একঘেয়েমি এসে ভর করেছে তাঁদের সম্পর্কে। আর তাই অ্যানিস্টনের প্রেমের মায়াজাল ছিন্ন করে পুরোনো জীবনেই ফিরতে চাইছেন থেরক্স।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, ‘অ্যানিস্টনের সৌন্দর্য, আবেদন ও ক্ষমতায় মুগ্ধ হয়েই তাঁর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন থেরক্স। কিন্তু এখন আর তাঁকে উপযুক্ত মনে করছেন না তিনি—এ কারণেই পুরোনো জীবনে ফিরে যেতে চাইছেন। পুরোনো ঘর, পুরোনো প্রেমিকা হেইডি বিভেনসকে নিয়ে নতুন স্বপ্ন বুনতে চাইছেন তিনি।’সূত্রটি আরও জানিয়েছে, ‘এখনো হেইডির সঙ্গে সুসম্পর্ক রয়েছে থেরক্সের। যেকোনো প্রয়োজনে তাঁরা একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। অ্যানিস্টনের সঙ্গে সম্পর্কে জড়ানোর পরও হেউডি শান্ত থেকে নিজেকে যেভাবে সামলেছেন, তাতে তাঁর প্রতি শ্রদ্ধা অনেকটাই বেড়ে গেছে থেরক্সের। তাই আবারও হেইডির কাছে ফিরতে চাইছেন থেরক্স।’