অ্যানিস্টনকে ব্র্যাড পিটের অভিনন্দন
সম্প্রতি জাস্টিন থেরক্সের সঙ্গে বাগদান সেরেছেন জেনিফার অ্যানিস্টন। খবরটি শোনার পর হলিউডের অভিনেতা ব্র্যাড পিট সাবেক স্ত্রী অ্যানিস্টনকে ফোনে অভিনন্দন জানিয়েছেন। শিগগিরই অ্যাঞ্জেলিনা জোলিকে বিয়ে করতে যাচ্ছেন পিট। এ জন্য পিটকেও ফিরতি শুভকামনা জানিয়েছেন অ্যানিস্টন।ঘনিষ্ঠ সূত্রের বরাতে ডেইলি মিরর অনলাইন জানিয়েছে, অ্যানিস্টনের বাগদানের খবর শোনার পর পিট কতটা খুশি হয়েছেন তা জানাতেই তিনি সাবেক স্ত্রীকে ফোন করেন। পিট ফোনে থেরক্স ও অ্যানিস্টনের সুন্দর ও সুখী ভবিষ্যত্ কামনা করেন।সূত্র আরও জানিয়েছে, ২০০৫ সালে অ্যানিস্টনের সঙ্গে বিচ্ছেদের কিছুদিন পরই অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে অভিসার শুরু করেন পিট। সাত বছর প্রেম করার পর অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন পিট ও জোলি। খুব শিগগির তাঁরা বিয়ে করবেন। বিচ্ছেদের পর থেকে পিট ও অ্যানিস্টনের মধ্যে খুব কম কথা হলেও, পিটের মা জেন ও অ্যানিস্টন এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। ধারণা করা হচ্ছে, অ্যানিস্টন ও থেরক্সের বিয়েতে আমন্ত্রণ পাবেন জেন।