অ্যান্টি ভাইরাসে লাক্স সুপারস্টার শানু-মীম
আবারও একটি খণ্ড নাটকে অভিনয় করলেন দুই লাক্স চ্যানেল আই সুপারস্টার শানারেই দেবী শানু (২০০৫) ও বিদ্যা সিনহা মীম (২০০৭)। নাটকের নাম ‘অ্যান্টি ভাইরাস’। বৈজ্ঞানিক কল্পকাহিনি নির্ভর নাটকটি পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান।নিজের চরিত্র প্রসঙ্গে মীম বলেন, ‘অ্যান্টি ভাইরাস নাটকে আমার চরিত্রের নাম নীলা। চরিত্রটিতে বেশ চমক আছে। তাই চরিত্রটি নিয়ে আপাতত তেমন কিছু বলতে চাচ্ছি না। তবে এটুকু বলতে চাই, অ্যান্টি ভাইরাস ব্যতিক্রমী একটি নাটক হয়েছে।’ অ্যান্টি ভাইরাস নাটকে অভিনয়ের জন্য লাক্স চ্যানেল আই সুপারস্টার শানুকে কায়িক শ্রমের কাজও করতে হয়েছে। চরিত্রের প্রয়োজনে শিখতে হয়েছে সাইকেল চালানো। তাও নাকি আবার একদিনে। শানু বলেন, ‘সাধারণত যে ধরনের নাটকের গল্পে আমি কাজ করেছি, অ্যান্টি ভাইরাস তা থেকে একেবারেই আলাদা। গল্পটা চমত্কার। কিছুটা কাল্পনিক, কিছুটা বাস্তব। কাজটি করে আমি নিজে অনেক বেশি আনন্দিত।’ এদিকে সাইকেল চালানোর অভিজ্ঞতা প্রসঙ্গে শানু বলেন, ‘মাত্র একদিনে শিখতে হয়েছে সাইকেল চালানো। বেশ ঝুঁকিপূর্ণ হলেও নাটকের চরিত্রটি বাস্তবসম্মত করে তুলতে ঢাকা শহরের ব্যস্ত সড়কে আমাকে তা চালাতে হয়েছে। তবে পরিচালকসহ সবাই যখন প্রশংসা করেছেন তখন কষ্ট দূর হয়ে গেছে।’এই মুহূর্তে এশিয়ান টিভির ধারাবাহিক নাটক প্রতিপক্ষের শুটিংয়ের কাজে ময়মনসিংহে আছেন শানু। জানালেন, শুটিং শেষে আগামী ১৫ মে ঢাকায় ফিরবেন তিনি।