অ্যাপসাতে 'টেলিভিশন' ছবির দুটি বিভাগে মনোনয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেলিভিশন ছবির দৃশ্যে তিশা
টেলিভিশন ছবির দৃশ্যে তিশা

এশিয়া-প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড-এর (অ্যাপসা) জন্য এবার সেরা ছবি ও সেরা চিত্রনাট্য (আনিসুল হক ও মোস্তফা সরয়ার ফারুকী) বিভাগে মনোনয়ন পেয়েছে বাংলাদেশের ছবি টেলিভিশন। এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ৪১টি দেশে তৈরি হওয়া ২৩০টি ছবির মধ্য থেকে নয়টি বিভাগে এই পুরস্কার দেওয়া হবে। এই বিভাগগুলোয় ২১টি দেশের ৩৯টি ছবি মনোনয়ন পেয়েছে। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে এই পুরস্কার দেওয়া হবে ১২ ডিসেম্বর। ব্রিসবেনে আয়োজিত ‘অ্যাওয়ার্ড নাইট’ অনুষ্ঠানে অংশ নেবেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ছবির অন্যতম চিত্রনাট্যকার আনিসুল হক, পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনয়শিল্পী তিশা। গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের চ্যানেল আই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
টেলিভিশন ছবির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘বিশ্ব চলচ্চিত্রের শতকরা ৫৮ ভাগ ছবি তৈরি হয় এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোয়। আর এই ছবিগুলো নিয়েই সাত বছর ধরে অস্ট্রেলিয়ায় এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। অস্কারের আদলে এই পুরস্কারের জন্য সদস্যরাষ্ট্রগুলো নির্বাচিত ছবি জমা দেয়। কান, ভেনিস আর বার্লিন উৎসবে সাড়া জাগানো অনেক ছবি এবার অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়।’