অ্যাপসার বিচারক বাংলাদেশের ফারুকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোস্তফা সরয়ার ফারুকী
মোস্তফা সরয়ার ফারুকী

টিভি নাটক, বিজ্ঞাপনচিত্র আর চলচ্চিত্র তৈরি করে দর্শকদের নানা চমক দেখিয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী । দেশে ও দেশের বাইরে তাঁর বানানো কাজগুলো অনেক প্রশংসিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশি নির্মাতা হিসেবে এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসের (অ্যাপসা) বিচারক প্যানেলে আমন্ত্রণ পেয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার ব্রিসবেনে আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাপসার নবম আসর। এবারই এই আয়োজনে অন্য দেশের বিচারকদের সঙ্গে বাংলাদেশ থেকে বিচারক হিসেবে দেখা যাবে ফারুকীকে। ভ্যারাইটি পত্রিকা এ খবর জানিয়েছে।
ফারুকী এখন আছেন দক্ষিণ কোরিয়ায়। মঙ্গলবার তাঁর ঢাকায় ফেরার কথা। রোববার সকালে প্রথম আলোর সঙ্গে আলাপে তিনি বলেন,‘আমি কিছুটা নার্ভাস। আবার অনেক বেশি আনন্দিত। এটা আমার জন্য গৌরবের। অ্যাপসায় বিচারকের আসনে প্রথম বাংলাদেশি হিসেবে আমন্ত্রণ পাওয়ায় আমি সম্মানিত। এর আগে আসগার ফারহাদি, শ্যাম বেনেগাল, জাফর পানাহি, শাবানা আজমি, ডেভিড পাটনামের মতো ব্যক্তিরা এখানকার বিচারক ছিলেন। তবে গত এক বছরে এশিয়া প্যাসিফিক অঞ্চলের সব সেরা ছবি বিচার করতে বসা সত্যিই কঠিন কাজ ।’
ফারুকী আরও বলেন, ‘সত্য কথা হলো এই, যে জুরির আসনে এর আগে আসগার ফারহাদি, শ্যাম বেনেগাল, জাফর পানাহি, শাবানা আজমি, ডেভিড পাটনাম এর মতো ব্যাক্তিরা বসেছেন সে আসনে বসার আমন্ত্রণ আমাকে জানানোয় আমি ঠিক ভীত নাকি আনন্দিত বুঝতে পারছি না। গত এক বছরে এশিয়া প্যাসিফিক অঞ্চলে সব সেরা ছবি বিচার করতে বসা কঠিন কাজ । কান, ভেনিস, বার্লিন, লোকার্নো কাঁপানো সব ছবি নিশ্চয়ই থাকবে মনোনয়নে! বাংলাদেশকে এরকম বড় জায়গায় প্রতিনিধিত্ব করে অবশ্যই ভালোই লাগছে।’
এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেরা ছবিগুলোকে পুরস্কৃত করা হয় অ্যাপসায়। এবারের আয়োজনে ফারুকীর পাশাপাশি বিচারক থাকছেন চীনা শিক্ষাবিদ ঝ্যাং জিয়ামিন, মালয়েশিয়ান চলচ্চিত্রকার ইউ-ওয়েই বিন হাজিসারি, রুশ লেখক-পরিচালক অ্যালেক্সেই পোপোগ্রেবস্কি ও ইরানি অভিনেত্রী নিগার জাভাহেরিয়ান। সেরা ছবি নির্বাচনে তাঁরা কাজ করবেন বিচারকদের প্রধান কিম ডং-হো’র নেতৃত্বে, যিনি বুসান চলচ্চিত্র উৎসবের প্রাক্তন চেয়ারম্যান ও সহ-প্রতিষ্ঠাতা। অ্যাপসার সেরা ছবি, পরিচালনা, চিত্রগ্রহণ, চিত্রনাট্য ও অভিনেতা-অভিনেত্রী বিভাগের মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে আগামী ২১ অক্টোবর।