ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল। আরগো—যাকে বলে তাঁর ড্রিম প্রজেক্ট, স্বপ্ন প্রকল্প। এই ছবি নিয়ে বড় স্বপ্নই দেখেছিলেন। কিন্তু ১০ জানুয়ারি মন খারাপ করে দেওয়া সংবাদ পেলেন বেন অ্যাফ্লেক। এ দিন অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়েছে। তাতে সাত সাতটি বিভাগে মনোনয়ন পেয়েছে আরগো। এ তো অনেক খুশির খবর। তাহলে মন খারাপের মেঘ জমল কেন?জমল, কারণ সেরা ছবি, সেরা পার্শ্বঅভিনেতা, চিত্রনাট্য (উপন্যাস অবলম্বনে), সংগীত, শব্দ সম্পাদনা, শব্দ মিশ্রণ এবং চলচ্চিত্র সম্পাদনা বিভাগে মনোনয়ন পাওয়াটা প্রযোজক অ্যাফ্লেকের জন্য খুশির খবর হলেও পরিচালক অ্যাফ্লেক ঠাঁই পাননি সেরা পরিচালকের পাঁচজনের তালিকায়!ঠাঁই পেলে লাভ হতো কি না কে জানে। কারণ, অনেকের মতে সেরা পরিচালকের পুরস্কারটা ঠিক হয়েই আছে। লিঙ্কনের জন্য আরও একটি অস্কার বাড়িতে নিয়ে যাচ্ছেন স্টিভেন স্পিলবার্গ। অবশ্য বাদ সাধতে পারেন মনোনীত বাকি চারজন—অ্যাং লি (লাইফ অব পাই), ডেভিড ও. রাসেল (সিলভার লাইনিংস প্লেবুক), মাইকেল হ্যানেকে (আমর) এবং বেন জিটলিনের (বিস্টস অব সাউদার্ন ওয়াইল্ড) সঙ্গে। এই তালিকায় অ্যাফ্লেকের ঠাঁই পাওয়া উচিত ছিল বলে মনে করেন অনেকেই। এ নিয়ে একটা বিতর্ক বেশ জমে উঠেছে ধূমায়িত চায়ের কাপে। বিশেষ করে অ্যাফ্লেক যখন আরগোর জন্য সেরা পরিচালকের পুরস্কার গত সপ্তাহে জিতে নিলেন গোল্ডেন গ্লোবে। অনেকে পড়ে গেছে ধন্দে—অ্যাফ্লেকের গোল্ডেন গ্লোব জয়ে তাঁরা বিস্মিত হবেন নাকি অস্কারে মনোনয়ন না পাওয়াতে! গোল্ডেন গ্লোব এবার চমক উপহার দিয়েছে আরেক জায়গায়। সর্বোচ্চ সাতটি বিভাগে মনোনয়ন পেয়েছিল লিঙ্কন। কিন্তু পুরস্কার জিতেছে মোটে একটি। আব্রাহাম লিঙ্কনের ভূমিকায় অভিনয় করে ড্রামা বিভাগের সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ড্যানিয়েল ডে-লুইস।সত্যি বলতে কি, অ্যাফ্লেক নিজেও খানিকটা চমকে গেছেন গোল্ডেন গ্লোব জিতে। মাত্রই এর তিন দিন আগে অস্কারের মনোনয়ন তালিকা দেখে আশা ছেড়েই দিয়েছিলেন। ৪০ বছর বয়সী এই পরিচালক-অভিনেতা মনে করেন, তাঁর জন্য সৌভাগ্য বয়ে এনেছে মেয়ের হিজিবিজি হাতের লেখা! রোববার রাতে ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের হিলটন হোটেলের জাঁকালো এই অনুষ্ঠানে আসার সময় বাড়ি থেকে বেরোনোর আগে তাঁর দুই কন্যার একজন আঁকাবাঁকা হাতেই অ্যাফ্লেকের হাতের তালুতে লিখে দেয় বাবার নাম—‘বেন’। পুরস্কার জেতার পর মেয়েকে তাই বিশেষ ধন্যবাদ জানাতে ভোলেননি। যদিও প্রথমবারের মতো গোল্ডেন গ্লোবে সেরা পরিচালকের পুরস্কার জেতার রোমাঞ্চে অ্যাফ্লেক ভুলেই গিয়েছিলেন কাকে কাকে ধন্যবাদ জানানো উচিত। ভুলে গিয়েছিলেন দুই প্রযোজক জর্জ ক্লুনি ও গ্রান্ট হেসলভের নাম। স্পিলবার্গ আর অ্যাং লির মতো পরিচালককে হারিয়ে এই পুরস্কার জেতার আনন্দ যে অন্য রকম, সেটা অবশ্য বলতে ভোলেননি, ‘পুরস্কার যেটাই হোক না কেন, যখন আপনার নাম এই নামগুলোর (মনোনীত অন্যান্য পরিচালক) পাশে বসবে, সেটাই হবে আপনার জীবনের অবিশ্বাস্য একটা ব্যাপার।’স্বামীর ব্যাপারটা স্ত্রী ছাড়া ভালো আর কে বুঝবে। জেনিফার গারনার যখন দেখছেন, অ্যাফ্লেক উত্তেজনার বশে গড়বড় করে ফেলেছে, সেটার ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করলেন। কমেডি-মিউজিক্যাল বিভাগে পুরস্কার দিতে এসে এই অভিনেত্রী ধন্যবাদ জানিয়েছেন ক্লুনিকে। অ্যাফ্লেকের আসলে কপাল খারাপ। অস্কারের দৌড়ে ভালোমতোই ছিলেন। কিন্তু বছরের শেষ ভাগে লিঙ্কন, লাদেনবধের কাহিনি নিয়ে নির্মিত জিরো ডার্ক থার্টির মতো ছবিগুলো কক্ষপথ থেকে ছিটকে দিয়েছে তাঁকে। ১৯৯৭ সালে গুড উইল হান্টিং-এর জন্য সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছিলেন গোল্ডেন গ্লোব-অস্কার দুটোতেই। এবার আর ‘ডাবল’ জেতা হচ্ছে না! রাজীব হাসানএলএ টাইমস ও হলিউড রিপোর্টার অবলম্বনে